সাক্ষাৎকারে রবি শাস্ত্রীর সামনে যখন অভিষেককে নিয়ে প্রশ্ন করা হয়, জবাবে প্রাক্তন কোচ স্পষ্টভাষায় জানান, এই ধরনের অফ ফর্ম ক্রিকেটের অংশ।

রবি শাস্ত্রী ও অভিষেক শর্মা
শেষ আপডেট: 16 February 2026 14:15
দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) টানা দু’ম্যাচে শূন্য। পাকিস্তানের বিরুদ্ধে চার বল খেললেন। তারপর খাতা খোলার আগেই সাজঘরে। যে কারণে প্রশ্ন উঠছে—অভিষেক শর্মার (Abhishek Sharma) হয়েছেটা কী? বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার এখনও টুর্নামেন্টে ছন্দে নেই কেন?
এমন কঠিন পরিস্থিতিতে যদিও সংশয় নয়, সওয়ালের খোজে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। দিলেন সোজাসাপটা পরামর্শ—‘নিজেকে একটু সময় দাও।’
টানা ব্যর্থতা, বাড়ছে চাপ
কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বড় সুযোগ ছিল। কিন্তু সলমন আলি আঘার বলে চার বলের মাথায় ক্যাচ আউট! চলতি বিশ্বকাপে টানা দু’নম্বর শূন্য। শেষ পাঁচ টি-২০ আন্তর্জাতিক ইনিংসে তিনবার ডাক। পরিসংখ্যান বলছে, অভিষেকের শেষ অর্ধশতরান এসেছে ছ’ইনিংস আগে—নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে গুয়াহাটিতে। হাঁকান অপরাজিত ৬৮ রান।
এবার লড়াই বিশ্বকাপে। এমন বড়মাপের টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার ভরসার ওপেনারের এহেন ব্যর্থতা স্বাভাবিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে যখন দল ভাল খেলছে, তখন ব্যক্তিগত খরা আরও চোখে পড়ে।
‘সময় নিলেই ঘুরে দাঁড়াবে’: শাস্ত্রী
আইসিসি-র (ICC) ওয়েবসাইটে সাক্ষাৎকারে রবি শাস্ত্রীর সামনে যখন অভিষেককে নিয়ে প্রশ্ন করা হয়, জবাবে প্রাক্তন কোচ স্পষ্টভাষায় জানান, এই ধরনের অফ ফর্ম ক্রিকেটের অংশ। তাঁর কথায়, ‘ওর সময় আসছে। শুধু নিজেকে একটু সময় দিতে হবে। একটা সময় আসে যখন ছন্দ হারিয়ে যায়। কিন্তু ও যদি কয়েকটা বল বেশি খেলে সেট হয়ে যায়, ডট বলকে বাউন্ডারি-ছক্কায় বদলানো অভিষেকের জন্য কঠিন নয়।’
শাস্ত্রীর বক্তব্যে আস্থা স্পষ্ট। তিনি মনে করেন, ভারতীয় ওপেনারের স্বাভাবিক আক্রমণাত্মক স্টাইল ফিরতে বেশি সময় লাগবে না। প্রথম কয়েক ওভারে ঝুঁকি কমিয়ে উইকেটে সময় কাটানোই হতে পারে আশু সমাধান।
ঈশানের দাপট, ভারতের জয়যাত্রা
একই ম্যাচে অন্য প্রান্তে উজ্জ্বল ঈশান কিষাণ (Ishan Kishan)। ৪০ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। শাস্ত্রী তাঁর প্রশংসায় বলেন, ‘ও স্বপ্নের মতো ব্যাট করছে। ওই উইকেটে প্রায় ২০০ স্ট্রাইক রেটে রান করা অবিশ্বাস্য।’পাশাপাশি তিলক বর্মা (Tilak Varma), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও শিবম দুবেও (Shivam Dube) গতকালের খেলায় শেষ দিকে গুরুত্বপূর্ণ রান যোগ করেন। ১৭৫/৭ তুলেছিল ভারত। পরে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), অক্ষর প্যাটেল (Axar Patel) ও বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) নিয়মিত বিরতিতে উইকেট তুলে পাকিস্তানকে ১১৪ রানে থামিয়ে দেন। সব মিলিয়ে তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপে শীর্ষে ভারত। অন্যদিকে পাকিস্তান নেমে গেছে তৃতীয় স্থানে।