সময়টা এক মাসের কিছু বেশি পিছলেই এমনই আরও এক ‘স্টোরি’র কথা মাথায় আসতে পারে। সেবার অবশ্য হেলমেট নয়। রোহিত বেছে নেন ব্যাগি ব্লু টুপি।

রোহিত শর্মা
শেষ আপডেট: 23 June 2025 15:47
দ্য ওয়াল ব্যুরো: ৭ মে থেকে ২৩ জুন।
এরই মধ্যে দুনিয়াটা অনেক বদলে গিয়েছে রোহিত শর্মার। টেস্ট থেকে অবসর না নিলে এই সময় তিনি ইংল্যান্ডে থাকতেন। নামতেন হেডিংলের ময়দানে। অধিনায়কের ভূমিকায় দেখা যেত কি না—সেই প্রশ্ন থাকবে। কিন্তু স্বেচ্ছায় বিদায় ঘোষণা না করলে আজকের দিনে শুভমান, বুমরাহর সঙ্গে হার্ডল করতেন রোহিত, এটা নিশ্চিত।
বদলে হরভজন সিংয়ের পডকাস্টে এসে স্মৃতিচারণ করছেন, চেতেশ্বর পূজারার স্ত্রী পূজার আত্মজীবনীর মোড়ক উন্মোচনের মঞ্চে ভাষণ দিচ্ছেন বিদায়ী ক্রিকেটার। আর ইনস্টাগ্রামে শেয়ার করছেন আন্তর্জাতিক ময়দানে অভিষেকের সুখস্মৃতি।
আজকের দিনেই ১৮ বছর আগে টিম ইন্ডিয়ার হয়ে প্রথমবার পুরো সময়ের জন্য মাঠে নামেন রোহিত শর্মা। ২৩ জুন ২০০৭ সালে বেলফেস্টের ওই ম্যাচে প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড। ‘ফিউচার কাপ’ নামে ওই ত্রিদেশীয় সিরিজে তৃতীয় দল হিসেবে অংশ নেয় দক্ষিণ আফ্রিকা। অভিষেক ম্যাচে সাত নম্বরে নামার কথা ছিল রোহিতের। যদিও সেই সুযোগ আসেনি। ভারত হেসেখেলে নয় উইকেটে লড়াই জিতে নেয়।
সেদিনের কথা স্মরণ করেই রোহিত লিখেছেন, ‘চিরকাল কৃতজ্ঞ ২৩.০৬.০৭’। নীল হেলমেট, যা মাথায় দিয়ে আকছার একদিনের ক্রিকেট খেলেছেন, তার ছবি সমেত এই ক্যাপশন ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন রোহিত।
সময়টা এক মাসের কিছু বেশি পিছলেই এমনই আরও এক ‘স্টোরি’র কথা মাথায় আসতে পারে। সেবার অবশ্য হেলমেট নয়। রোহিত বেছে নেন ব্যাগি ব্লু টুপি। নিজের অবসর ঘোষণায় লিখেছিলেন, ‘সাদা জার্সিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে গৌরবের। যাঁরা এত বছর পাশে রয়েছেন, তাঁদের ধন্যবাদ জানাই।’
টুপি থেকে হেলমেট। ছবি বদলে যায়। কিন্তু দেশের জার্সিতে—সেটা নীল হোক চায় সাদা—খেলার গরিমা এতটুকু ম্লান হয় না। বিষাদ ছেয়ে যেতে পারে, কিন্তু পেশাদারিত্ব অমলিন। সেটাই আরও একবার বুঝিয়ে দিলেন রোহিত শর্মা।