ডেনিম জিনস, হোয়াইট শার্ট, এলো চুল, গোগো সানগ্লাস। সবার হৃদয়ে ঝড় তুললেন জুন, যে কোনও মাসেই। সবাই তখন পড়ছেন জুনের প্রেমে।

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 24 June 2025 20:31
জুন মাসে জন্ম বলে বাবা-মা নাম রেখেছিলেন জুন। এমন নামের অভিনেত্রী টালিগঞ্জ পাড়ায় আগে আসেনি। যখন জুন ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করলেন, তখন যেন এক দমকা হাওয়া বয়ে গেল ইন্ডাস্ট্রিতে।
ডেনিম জিনস, হোয়াইট শার্ট, এলো চুল, গোগো সানগ্লাস। সবার হৃদয়ে ঝড় তুললেন জুন, যে কোনও মাসেই। সবাই তখন পড়ছেন জুনের প্রেমে। পরে যখন কেউ কেউ জানছে জুন দুই সন্তানের মা, তাঁদের মন ভাঙছে। তবু জুনের থেকে তাঁদের মুক্তি হচ্ছে না। মুনমুন সেনের পরে বোধহয় এমন কোনও যৌবন সরসীর দেখা পেল বাংলা, যাকে দেখে সবাই থমকে দাঁড়িয়ে পড়ে। এবং সেটা এখনও অব্যাহত। আজ জুন মালিয়ার জন্মদিন।

জুন কিন্তু টালিগঞ্জ পাড়ার বাঁধা গতের ঘোমটা দেওয়া পতিব্রতা নায়িকার মতো লুক নিয়ে আসেননি। ছিলেনও না অমন। তাই কাজও কম পেয়েছেন। ছবি কম পেয়েছেন। কিন্তু যে কাজ গুলো করেছেন, আজও লোকে মনে রেখেছে। সন্তানদের মানুষ করতে বা অন্য প্রয়োজনে, টাকার জন্য আজেবাজে ছবি কিন্তু সাইন করেননি জুন কোনও দিন।
জুন টিভিতে এসছিলেন 'তৃষ্ণা' সিরিয়াল দিয়ে। তখন থেকেই সবার দুপুরের ঘুম কেড়ে নেয় জুনকে দেখার তৃষ্ণা। এর পরে সুদেষ্ণা রায়ের সৌজন্য ঋতুপর্ণ ঘোষের একটি ডকুমেন্টরিতেও ছোট্ট অভিনয় জুনের। পরিচালক প্রভাত রায় তাঁর নতুন ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন। সুদেষ্ণা রায় প্রভাত রায়কে বলেন জুনের কথা। জুন ফাইনালি সুযোগ পান বড় পর্দায়।
'লাঠি' সিনেমায় ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও দেবশ্রী রায়ের বড় নাতনির ভূমিকায় জুনকে নিলেন প্রভাত রায়।
রূপকথা' সিরিয়ালে এক দুপুরে বাঙালির অন্দরমহলে ঝড় তুলল শাশ্বত চট্টোপাধ্যায়-জুন মালিয়ার অন্তরঙ্গ শয্যাদৃশ্য। সে সময় এমন দৃশ্য যেন বাংলা টেলিভিশনকে সাবালক করল।

'নীল নির্জনে'। যে ছবি বুঝিয়েছিল, নীল ছবি মানেই পর্ণোগ্রাফি নয়। লাভ চাইল্ড, লেসবিয়ান, বিয়ের আগে হানিমুন, বাংলা ছবিতে প্রথম বাংলা ব্যান্ড-- সব কিছু মিলিয়ে নীল নির্জনে। সেখানেও নজর কাড়লেন সেই জুন। ছক ভাঙার আইকন হয়ে উঠলেন যেন।
জুন পাথ ব্রেকিং ছবি করেছেন বৌদির রোলে 'তিন ইয়ারি কথা'। তার পরে আসে বুদ্ধদেব দাশগুপ্তর 'মন্দ মেয়ের উপাখ্যান'। জুনের আধখোলা ব্লাউজ পোস্টারে ছিল। 'হঠাৎ বৃষ্টি', 'পদক্ষেপ', '২২ শ্রাবণ', 'দ্য বং কানেকশন', গৌতম ঘোষের 'যাত্রা'।
জুন এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রায় ২৩ বছর। যখন প্রথম আসেন, তখন অনেকেই ভাবত বা জানত যে জুন অভিনেত্রী নন্দিনী মালিয়ার মেয়ে। এক পদবী হলে বাঙালি অমন মনগড়া মিথ বানিয়ে দেওয়ায় খ্যাত। নন্দিনীও তখন টেলিভিশন, ছবি করছেন। নন্দিনী 'জননী' সিরিয়ালে সুপ্রিয়া দেবীর বৌমার ভূমিকায় অভিনয় করছেন সদ্য। জুন করছেন 'তৃষ্ণা', 'রূপকথা'য় লিড।

চলছিল মা-মেয়ে মিথ। এই মিথ ভাঙল নন্দিনী মালিয়ার অকাল প্রয়াণে। জানা গেল, নন্দিনীর মেয়ে অন্য কেউ। নন্দিনীর মেয়ের নাম গুড়িয়া, ভাল নাম অনন্যা। জুন আর নন্দিনীর কোনও যোগসূত্রই নেই। নন্দিনী যেন মরিয়া প্রমাণ করিল জুন তাহার মেয়ে নয়!
প্রথম বিয়ের থেকে বেরিয়ে এসে একলা হাতে দুই সন্তানকে মানুষ করা। কেরিয়ার নিয়েও জুনের আক্ষেপ নেই। অনেক বলিউড অফার ছেড়ে দিতে হয়েছে ছেলেমেয়ে ছোট থাকায়। সে জন্য আক্ষেপও নেই। তাঁর গুরত্ব পরিবার, কেরিয়ার, নিজের ভাল লাগা-- এ সব মিলিয়ে। দ্বিতীয় বিবাহে সুখী দাম্পত্য পেয়েছেন জুন। কোন সহকর্মী এগিয়ে গেছেন, কে কতগুলো অ্যাওয়ার্ড, পেয়েছেন এসব নিয়ে ভাবতে রাজি নন জুন। আর এটাই তাঁর স্থিরযৌবনা থাকার সিক্রেট।