দুর্গাপুজোর ঠিক আগে ফের বাড়ল সোনার দাম। উৎসবের মরশুমে ক্রেতাদের জন্য নতুন দুশ্চিন্তা, তবে বিনিয়োগকারীদের জন্য সুযোগও বটে।

ফাইল ছবি
শেষ আপডেট: 25 September 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরশুমে ফের বাড়ল সোনার দাম। গত কয়েক মাস ধরে টানা ঊর্ধ্বমুখী দরে চিন্তিত ছিলেন সাধারণ ক্রেতা ও গয়না ব্যবসায়ীরা। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে বাজারে খানিকটা পরিবর্তন দেখা যায়। ভারতে সোনার দামে পতন হয়, যা ক্রেতাদের মুখে ফের হাসি এনে দেয়।
কিন্তু পুজোর মুখে বেড়ে গেল লাফিয়ে। দুর্গাপুজো, দীপাবলি কিংবা আসন্ন বিয়ের মরশুমে এই দাম বাড়ায় কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের।
ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার দাম ২৫ সেপ্টেম্বর প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে প্রায় ১,১৪,৯০০ টাকা। দিল্লির বাজারে দর একই, ১,১৪,৯০০ টাকা। আর ২২ ক্যারেট সোনার দাম ১,০৯,২০০ টাকা। গতকাল ছিল ১,০৯,০৫০।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন, মার্কিন ডলারের দর ও স্থানীয় চাহিদার প্রভাবেই সোনার দামে ওঠানামা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অশান্তি কিংবা বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা – সব মিলিয়ে বিনিয়োগকারীরা সোনাকে এখনও নিরাপদ আশ্রয় হিসেবে দেখছেন। ফলে এই পতন দীর্ঘস্থায়ী নাও হতে পারে। অনেক অর্থনীতিবিদই বলছেন, উৎসবের মরশুমে চাহিদা বাড়লে দাম আবারও বাড়তে পারে।
এদিকে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলোর কাছে এটাই গয়না কেনার সঠিক সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাখাল চন্দ্র দে জুয়েলার্সের কর্ণধার নবীন চন্দ্র দে জানিয়েছেন, ‘গয়না শুধু অলংকার নয়, পরে বিক্রি করলেও লাভ পাওয়া যায়।’ যদিও দাম এখনও অনেকের নাগালের বাইরে, তাই ক্রেতাদের মধ্যে হালকা গয়নার চাহিদা বেড়েছে। বাজার বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, যারা বিনিয়োগে আগ্রহী, তারা ধাপে ধাপে কেনাকাটা করলে লাভবান হবেন।
সব মিলিয়ে, উৎসবের আগে সোনার দামে এই সামান্য পতন ক্রেতাদের নতুন করে উজ্জীবিত করেছে। পুজোর মরশুমে তাই সোনা কেনার আনন্দ দ্বিগুণ হবে বলেই আশা করছেন সবাই।