যদিও রবিবার বাজেট পেশ এই প্রথম, তবে ফেব্রুয়ারির শেষ রবিবার ঘিরে বাজেটের ইতিহাসে রয়েছে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ একটা সময় পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শেষ কার্যদিবসে বাজেট পেশ করা হত।

নির্মলা সীতারামন
শেষ আপডেট: 1 February 2026 10:58
দ্য ওয়াল ব্যুরো: ভারতের আর্থিক ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি হতে চলেছে। এই প্রথমবার রবিবার সংসদে পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট (Budget 2026)। আজ ১ ফেব্রুয়ারি, ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট (Budget Live) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এত দিন পর্যন্ত বাজেট (Budget News) পেশের ক্ষেত্রে কার্যদিবসের রীতিই অনুসরণ করা হত। সেই প্রথা ভেঙেই এ বার রবিবার সংসদের অধিবেশন (Nirmala Sitharaman Speech) বসছে বাজেটের জন্য।
যদিও রবিবার বাজেট (Union Budget 2026) পেশ এই প্রথম, তবে ফেব্রুয়ারির শেষ রবিবার ঘিরে বাজেটের ইতিহাসে রয়েছে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ একটা সময় পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শেষ কার্যদিবসে বাজেট পেশ করা হত। তবে ১৯৯৯ সালে ফেব্রুয়ারির ২৮ তারিখ পড়েছিল রবিবার। সেই সময় অটলবিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee) নেতৃত্বাধীন এনডিএ সরকারের অর্থমন্ত্রী ছিলেন যশবন্ত সিনহা (Yashwant Sinha)। সেবার রবিবার এড়িয়ে তিনি বাজেট পেশ করেছিলেন এক দিন আগে, ২৭ ফেব্রুয়ারি শনিবার।
১৯৯৯ সালের বাজেট আরও একটি কারণে ঐতিহাসিক বলে বিবেচিত। ব্রিটিশ আমল থেকে চলে আসা রীতি অনুযায়ী, তখন কেন্দ্রীয় বাজেট সাধারণত বিকেল ৫টার সময় পেশ করা হত। লন্ডনের কর্মঘণ্টার সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু যশবন্ত সিনহাই প্রথম বাজেট পেশের সময় বদলে সকাল ১১টা করেন। সেই পরিবর্তনই পরবর্তী কালে স্থায়ী রীতি হয়ে যায় এবং এখনও সেই সময়েই বাজেট পেশ হয়ে আসছে।
এ দিকে বাজেটের দিন এগিয়ে আনার সিদ্ধান্তও তুলনামূলক ভাবে সাম্প্রতিক। ২০১৭ সাল থেকে কেন্দ্রীয় সরকার ফেব্রুয়ারির শেষ দিক ছেড়ে বাজেট পেশ করছে ১ ফেব্রুয়ারিতে। এর মূল উদ্দেশ্য ছিল, নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগে সংসদে বাজেট নিয়ে যথেষ্ট আলোচনা, অনুমোদন এবং বাস্তবায়নের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়া। ১ এপ্রিল থেকে নতুন আর্থিক বছর শুরু হওয়ার আগে প্রশাসনিক স্তরে কাজ এগিয়ে নেওয়ার সুবিধা পেতেই এই সংস্কার।
রবিবার বাজেট পেশ হলেও সংসদের কাজকর্মে বিশেষ ব্যতিক্রম হচ্ছে না। ছুটির দিন হলেও নির্ধারিত সময়েই সংসদের অধিবেশন বসবে এবং লোকসভায় বাজেট ভাষণ দেবেন অর্থমন্ত্রী। তবে বাজারের ক্ষেত্রে কিছুটা আলাদা পরিস্থিতি তৈরি হতে পারে। সাধারণত রবিবার বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকে। তবু বাজেট ঘোষণার প্রতিক্রিয়া জানাতে প্রয়োজনে বিশেষ ট্রেডিং সেশন আয়োজন করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, রবিবার বাজেট পেশ হওয়ার ফলে বিনিয়োগকারী ও বিশ্লেষকদের হাতে বাড়তি সময় থাকবে। কর কাঠামো, রাজস্ব ঘাটতি, ব্যয় বরাদ্দ ও বিভিন্ন খাতের প্রস্তাব খুঁটিয়ে দেখার সুযোগ মিলবে। তবে তা সত্ত্বেও বাজারে অস্থিরতা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাজেটে যদি কোনও চমকপ্রদ ঘোষণা থাকে, তা হলে নিয়মিত লেনদেন শুরু হলে শেয়ারবাজারে বড় ওঠানামা হতে পারে বলেই মনে করছে অর্থনৈতিক মহল।