ফের ইতিহাস গড়তে চলেছেন নির্মলা সীতারমণ। নবম বাজেটে ভাঙতে চলেছে ৭৫ বছরের পুরনো বাজেট-রীতি।

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 1 February 2026 10:39
দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে নবমবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman), এই ঘটনাই নিজেই নজিরবিহীন। কিন্তু সেই নজিরবিহীন বাজেটেই আরও এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন তিনি। টানা ৭৫ বছর ধরে চলে আসা এক গুরুত্বপূর্ণ বাজেট-রীতিতে (Budget 2026) এবার ইতি টানতে চলেছেন অর্থমন্ত্রী।
এতদিন ধরে কেন্দ্রীয় বাজেটের কাঠামো মোটামুটি অপরিবর্তিতই ছিল। বাজেট বক্তৃতা দু’টি ভাগে বিভক্ত—পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ-তেই সাধারণত থাকত দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ, কোষাগারের অবস্থা, রাজস্ব আদায়ের খতিয়ান এবং বড়সড় নীতিগত বা অর্থনৈতিক ঘোষণাগুলি। অন্যদিকে, পার্ট বি মূলত করকাঠামো ও তুলনামূলক ছোটখাটো নীতিগত বদলের মধ্যেই সীমাবদ্ধ থাকত। দীর্ঘদিনের রীতিতে বাজেটের মূল গুরুত্ব বরাবরই ছিল পার্ট এ-তে, আর পার্ট বি থাকত অপেক্ষাকৃত সংক্ষিপ্ত।
এবার সেই চিরাচরিত ধারা বদলাতে চলেছেন নির্মলা সীতারমণ। সূত্রের খবর, এবারের বাজেটে পার্ট এ হবে তুলনামূলকভাবে ছোট, আর পার্ট বি হবে অনেক বেশি বিস্তৃত ও বিশদ। এর নেপথ্যে রয়েছে অর্থমন্ত্রীর দীর্ঘমেয়াদি ভাবনা। আগামী ২৫ বছরের জন্য দেশের অর্থনীতির রূপরেখা তৈরি করতে চান তিনি। লক্ষ্য শুধু বর্তমান নয়, ভবিষ্যতের ভারতকে দিশা দেখানো।
আরও একটি বিষয় এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এটি চলতি শতাব্দীর ছাব্বিশতম বাজেট। অর্থাৎ, একবিংশ শতাব্দীর প্রথম চতুর্থাংশ শেষ করে ভারত প্রবেশ করছে দ্বিতীয় চতুর্থাংশে। ফলে শুধুমাত্র স্বল্পমেয়াদি করনীতি নয়, দীর্ঘমেয়াদি করকাঠামো ও অর্থনৈতিক পরিকল্পনাও এই বাজেটে জায়গা পাবে। সেই কারণেই বাজেটের দ্বিতীয় অংশে বিশেষ জোর দিচ্ছেন অর্থমন্ত্রী। আর সেখানেই ঘটছে এই ঐতিহাসিক ট্র্যাডিশন-বদল।
প্রসঙ্গত, ট্র্যাডিশন ভাঙা নির্মলা সীতারমণের কাছে নতুন কিছু নয়। তাঁর আমলেই চিরাচরিত ব্রিফকেসের বদলে বাজেট নথি বহনের জন্য বহি-খাতা চালু হয়েছিল। তিনিই প্রথম ডিজিটাল বাজেটের সূচনা করেন। এবার সেই তালিকায় যোগ হচ্ছে আরও এক নজির—রবিবার বাজেট পেশ। সেটিও তৈরি হচ্ছে নির্মলার হাত ধরেই।