Union Budget 2026, FM Nirmala Sitharaman News: শুল্ক ও শুল্কছাড়ে একাধিক বদলের মাধ্যমে সরকার নিত্যপ্রয়োজনীয় ও উৎপাদনমুখী সামগ্রীর দাম কমানোর চেষ্টা করেছে। একই সঙ্গে বিলাসপণ্যের উপর করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পথও বেছে নেওয়া হয়েছে (FM Nirmala Sitharaman Speech)।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
শেষ আপডেট: 1 February 2026 15:16
দ্য ওয়াল ব্যুরো: ‘আত্মনির্ভর ভারত’-এর (Atmanirbhar Bharat) লক্ষ্যে আরও এক ধাপ এগোনোর বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। সংসদে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ (Budget 2026) করে তিনি একদিকে যেমন শিল্প ও রফতানি বাড়ানোর রূপরেখা তুলে ধরলেন, তেমনই মধ্যবিত্ত ও সাধারণ ভোক্তাদের জন্য স্বস্তির কথাও শোনালেন। বাজেট বক্তৃতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল— কোন কোন পণ্যের দাম কমবে, আর কোন কোন ক্ষেত্রে খরচ বাড়বে, তার স্পষ্ট ইঙ্গিত (Union Budget 2026)।
শুল্ক ও শুল্কছাড়ে একাধিক বদলের মাধ্যমে সরকার নিত্যপ্রয়োজনীয় ও উৎপাদনমুখী সামগ্রীর দাম কমানোর চেষ্টা করেছে। একই সঙ্গে বিলাসপণ্যের উপর করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পথও বেছে নেওয়া হয়েছে (FM Nirmala Sitharaman Speech)।
যেগুলি সস্তা হচ্ছে
বাজেটে ঘোষণা অনুযায়ী, একাধিক পণ্যের উপর কাস্টমস ডিউটি কমানো হচ্ছে। এর ফলে বিমানের যন্ত্রাংশ, মাইক্রোওয়েভ ও তার যন্ত্রাংশের দাম কমতে পারে। বিশেষ করে নজর কেড়েছে অত্যাবশ্যক ওষুধের ক্ষেত্রে শুল্কছাড়। ক্যানসারের ওষুধ-সহ মোট ১৭টি গুরুত্বপূর্ণ ওষুধ আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এর ফলে চিকিৎসার খরচ কিছুটা হলেও কমবে বলে আশা।
ব্যক্তিগত ব্যবহারের জন্য আমদানি করা কিছু নির্দিষ্ট সামগ্রীর উপরেও শুল্ক হ্রাসের কথা ঘোষণা করা হয়েছে। এতে সাধারণ ভোক্তাদের স্বস্তি মিলতে পারে।
চামড়া শিল্পকে চাঙ্গা করতে বিশেষ পদক্ষেপ করেছে কেন্দ্র। চামড়াজাত পণ্যের রফতানি বাড়ানোর লক্ষ্যে নির্দিষ্ট কিছু কাঁচামাল শুল্কমুক্ত আমদানির প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। আমেরিকার ৫০ শতাংশ শুল্কের ধাক্কায় যে চাপের মুখে পড়েছে দেশের চামড়া শিল্প, এই সিদ্ধান্তে তাদের কিছুটা হলেও রেহাই মিলবে বলে মনে করছে শিল্পমহল।
এ ছাড়া, দেশে তৈরি স্মার্টফোন ও ট্যাবলেটের দামও কমতে পারে। উৎপাদন ও আমদানির ক্ষেত্রে শুল্ক কাঠামোয় বদলের ফলে ‘মেড ইন ইন্ডিয়া’ ইলেকট্রনিক পণ্যে লাভবান হবেন ক্রেতারা।
তালিকা দেখুন
যেগুলি হচ্ছে দামি
অন্যদিকে, বিলাসপণ্যের ক্ষেত্রে করের বোঝা বাড়াচ্ছে সরকার। বাজেট ঘোষণায় স্পষ্ট— লাক্সারি ঘড়ি এবং আমদানিকৃত মদের উপর বাড়তি শুল্ক বসছে। এর ফলে এই ধরনের পণ্যের দাম বাড়বে। রাজস্ব বৃদ্ধির পাশাপাশি বিলাসপণ্যের ব্যবহার নিরুৎসাহিত করাই এই সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
তালিকা দেখুন
সব মিলিয়ে, বাজেট ২০২৬-২৭-এ কেন্দ্রের কৌশল স্পষ্ট, নিত্যপ্রয়োজন, স্বাস্থ্য ও দেশীয় উৎপাদনে স্বস্তি, আর বিলাসিতায় বাড়তি খরচ। সাধারণ মানুষের পকেটে কতটা প্রভাব পড়ে, তার উত্তর মিলবে আগামী দিনের বাজারেই।