কাঞ্জিভরম শাড়ি, লাল কভারের বাজেট-ট্যাবলেট আর রবিবারের ইতিহাস। Budget 2026 পেশের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নজর কাড়লেন নির্মলা সীতারামন।

নির্মলা সীতারামন
শেষ আপডেট: 1 February 2026 10:37
দ্য ওয়াল ব্যুরো: রবিবার ইতিহাস গড়তে চলেছে ভারতের বাজেট (Budget) প্রথা। টানা নবমবারের মতো বাজেট (Budget 2026) পেশের আগে লাল রঙের কভারে মোড়া ট্যাবলেট হাতে ছবি তুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। কর্তব্য ভবনের সামনে তোলা সেই ছবি মুহূর্তেই নজর কেড়েছে। বাজেট নথির প্রতীকী রঙ, প্রযুক্তির ব্যবহার আর ঐতিহ্যের ছোঁয়া—সব একসঙ্গে।
এদিন অর্থমন্ত্রী পরেছেন হাতে বোনা কাঞ্জিভরম সিল্ক শাড়ি, যা তামিলনাড়ুর বস্ত্রশিল্পের ঐতিহ্যের প্রতীক। বাজেট পেশের সময়ে দেশের নানা রকমের হ্যান্ডলুম—মাঙ্গলগিরি, ইক্কত, বোমকাই, কাঁথা, মধুবনী—কে সামনে আনার ধারাবাহিকতাই বজায় রাখলেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, তামিলনাড়ুর শাড়ি বেছে নেওয়ার মধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের বার্তাও লুকিয়ে থাকতে পারে।

কার্তব্য ভবন থেকে অর্থমন্ত্রী যান রাষ্ট্রপতি ভবনে। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাজেটকে অনুমোদন দেওয়া হবে, এবং সকাল ১১টায় সংসদে তা পেশ করা হবে।
স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম রবিবার বাজেট পেশ করা হচ্ছে। ২০১৭ সালে ১ ফেব্রুয়ারি বাজেট পেশের রীতি চালু হওয়ার পর, এ বছর তার ধারাবাহিকতা রাখতে রবিবারেই বাজেট। সেই কারণেই আজ রবিবারও BSE ও NSE-তে লেনদেন চলছে—এমন ঘটনা খুবই বিরল।

এ বছর বাজেট বক্তৃতার কাঠামোতেও বড় বদলের ইঙ্গিত রয়েছে। সূত্রের খবর, পার্ট বি-তেই এবার তুলে ধরা হবে ভারতের অর্থনীতির স্বল্পমেয়াদি অগ্রাধিকার ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি—একুশ শতকের দ্বিতীয় চতুরাংশে দেশের স্থানীয় শক্তি ও বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষার রূপরেখা। অতীতে যেখানে মূল ঘোষণার ভার থাকত পার্ট এ-তে, এবার সেই সমীকরণ বদলাতে চলেছে বলেই ইঙ্গিত।