শেখ হাসিনা(Sheikh Hasina) সরকারের সময়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের যে আন্দোলনকারীরা খুন করেছে তাদের বিচার করা হবে না। পুলিশ হত্যাকারীদের বিরুদ্ধে কোনও মামলা করা হবে না।

শেষ আপডেট: 30 March 2026 19:44
দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনা(Sheikh Hasina) সরকারের সময়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের যে আন্দোলনকারীরা খুন করেছে তাদের বিচার করা হবে না। পুলিশ হত্যাকারীদের বিরুদ্ধে কোনও মামলা করা হবে না।
বাংলাদেশের(Bangladesh) স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ(Salhauddin Ahmed) সে দেশের জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্যে বাংলাদেশ পুলিশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশ পুলিশের তরফে তৎকালীন অন্তর্বর্তী সরকারের কাছে স্মারকলিপি দিয়ে দাবি করা হয়েছিল নিহত পুলিশ কর্মীদের হত্যাকারীদের বিচার করতে হবে। সরকারিভাবে ৪৫ জন পুলিশ কর্মী ওই সময় আন্দোলনকারীদের আক্রমণে নিহত হয়েছেন বলে খবর। বেশ কিছু থানা জ্বালিয়ে দেওয়া হয়। শুধু একটি থানাতেই ১১ জন পুলিশ কর্মীকে কুপিয়ে হত্যা করে আন্দোলনকারীরা। অনেকেই মনে করছেন পুলিশ হত্যার বিচার না হলে দীর্ঘ মেয়াদে এর প্রভাব অত্যন্ত খারাপ হবে এবং ভবিষ্যতে সরকার এর জন্য বিপদে পড়তে পারে। পুলিশের মধ্যে বিশৃঙ্খলা তৈরির সম্ভাবনাও এড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহল মহল।

কিন্তু বিএনপি(BNP) সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনা বিরোধী আন্দোলনকে যুদ্ধের সঙ্গে তুলনা টেনে বলেছেন যুদ্ধক্ষেত্রে যা হওয়ার হয়ে গিয়েছে। ওখানেই মীমাংসা হয়ে গিয়েছে এইসব প্রশ্নের।
সরকারের এই অবস্থানের স্বপক্ষে যুক্তি টানতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টানেন। সালাউদ্দিন আহমেদ বলেন মুক্তিযোদ্ধাদের হাতে অনেক রাজাকার আল বদর আলশামস বাহিনীর মানুষ নিহত হয়েছে। তাহলে কি এখন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত করতে হবে? যুদ্ধক্ষেত্রে যা হওয়ার হয়েছে।
অন্যদিকে আওয়ামী লিগের বক্তব্য, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন মোটেই কোন যুদ্ধ ছিল না। সরকারের তরফে আন্দোলনকারীদের বিরুদ্ধে কখনই যুদ্ধ ঘোষণা করা হয়নি। বর্তমান সরকার জোর করে নিহত পুলিশ কর্মীদের পরিবারের বিচার পাওয়ার অধিকার কেড়ে নিচ্ছে।
প্রসঙ্গত, হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করেছিল সাবেক মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। দায়মুক্তির বিধান অনুযায়ী আন্দোলনকারীদের বিরুদ্ধে কোন ধরনের আইনি পদক্ষেপ করা যাবে না। তাদের বিরুদ্ধে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের হত্যার পাশাপাশি মেট্রোরেল, বাংলাদেশ টেলিভিশন ভবন সেতু ভবন ইত্যাদির ওপর হামলার অভিযোগ রয়েছে। কিন্তু অধ্যাদেশ জারি করে তাদের দায়মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে নির্বাচিত বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের দায়মুক্তি অর্ডিন্যান্সকে হুবহু কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে।