বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের শীর্ষ পদে সামান্য রদবদল ঘটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশের প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। তবে কবে এই পরিবর্তন বাস্তবায়িত করা হবে তা প্রকাশ্যে আসা সময়ের অপেক্ষা।

শেষ আপডেট: 22 February 2026 19:08
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে সামান্য রদবদল (changes in Bangladesh Army top ranks) ঘটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Bangladesh PM Tarique Rahman)। তিনি দেশের প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে রয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী (Bangladesh Home Ministry) সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের শীর্ষ পদেও (changes in Bangladesh Police top ranks) কিছু মুখ বদল হবে। তবে কবে এই পরিবর্তন বাস্তবায়িত করা হবে সে বিষয়ে তিনি কিছু জানাতে রাজি হননি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আগামী ১২ মার্চ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। অধিবেশনের অন্তত ১৫ দিন রাষ্ট্রপতির নামে আগে বিজ্ঞপ্তি জারি করতে হয়। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের কার্যসূচী এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে ধরে নেওয়া যায় বর্তমান রাষ্ট্রপতি ততদিন দায়িত্ব পালন করলে তার মুখ দিয়ে নতুন সরকার তাদের কর্মসূচি দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা করবে।
রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সেনাবাহিনীতে যে পরিবর্তনগুলি হচ্ছে তা হল, লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ করা হয়েছে। এর আগে তিনি আর্টডকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করা মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ করা হয়।
এছাড়া, মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করে বিজ্ঞপ্তি জারি করেছে সেনা সদর। অপরদিকে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।