আমেরিকায় রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে মুহম্মদ ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন প্রবাসী বাংলাদেশিরা। অভিযোগ উঠেছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে।

ইউনুস (ফাইল ছবি)
শেষ আপডেট: 27 September 2025 11:50
দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ ইউনুসকে নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশের একাংশ। ক্রমেই ঘনীভূত হচ্ছে চাপা ক্ষোভ। আঁচ বাংলাদেশ পেরিয়ে পৌঁছেছে প্রবাসী বাংলাদেশিদের কাছেও। যার ফল দেখা গেল শুক্রবার। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে ইউনুস বক্তৃতা দেওয়ার সময় বাইরে বিক্ষোভ দেখালেন কয়েকজন। তাঁদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা বেড়েছে।
শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বাংলাদেশের অগ্রগতির খতিয়ান তুলে ধরেন সেখানকার রাষ্ট্রপ্রধান। তিনি যখন ভেতরে বক্তৃতা দিচ্ছেন, সেই সময় বাইরে চলছিল তাঁর বিরুদ্ধে বিক্ষোভ। জমায়েত থেকে শোনা যায়, 'ইউনুস পাকিস্তানি। উনি পাকিস্তানে চলে যান।'
বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, ২০২৪ সালের ৫ অগস্ট অবৈধ উপায়ে শেখ হাসিনার সরকারকে সরানোর পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মানুষদের উপর হামলা ও নিপীড়ন বেড়েছে। তাঁদের দাবি, দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এক বিক্ষোভকারী সংবাদ সংস্থাকে বলেন, 'আমরা অবৈধ ইউনুস জমানার বিরোধিতা করছি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতন নেমে এসেছে।'
অন্য এক বিক্ষোভকারীর বক্তব্য, ইউনুসের মদতেই মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশে। ফলে বহু মানুষ, বিশেষত সংখ্যালঘুরা দেশ ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন।
অন্যদিকে, রাষ্ট্রপুঞ্জে নিজের বক্তৃতায় তিনি দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কার চালাচ্ছে। তাঁর কথায়, 'দলমত নির্বিশেষে ঐকমত্যের ভিত্তিতেই গণতন্ত্র ও প্রশাসনিক সংস্কারের কাজ এগোচ্ছে। গত বছর এই মহান সভায় আমি দাঁড়িয়েছিলাম সদ্য গণ-অভ্যুত্থান সংঘটিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা আপনাদের শোনানোর জন্য। আজ আমি এই রূপান্তরের পথে অগ্রগতির কথা জানাচ্ছি।'
অনেকেই বলছেন, রাষ্ট্রপুঞ্জের অভ্যন্তরে যেখানে বাংলাদেশ সরকারের সাফল্যের কথা শোনানো হচ্ছিল, সেসময় বাইরে বাস্তব রূপ প্রকাশ করলেন বাংলাদেশিরা। তাহলে কি সত্যিই সেখানে ভাল নেই সংখ্যালঘুরা!