বিনা আলোচনায় ধ্বনী ভোটে বিলটি পাশ হয়েছে। তুমুল আনন্দ উৎসাহের সঙ্গে জামায়াতে ইসলামী এবং এনসিপি বিলটি পাশে সম্মতি দেয়।

আওয়ামী লিগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে আইন পাশ করালো তারেক রহমানের সরকার
শেষ আপডেট: 8 April 2026 14:50
দ্য ওয়াল ব্যুরো: আওয়ামী লিগ (Awami League) সহ নানা মহলের প্রত্যাশা এবং বিএনপির (BNP) তরফে আভাসও দেওয়া হয়েছিল, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে শেখ হাসিনার দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা (Ban on Sheikh Hasina's party Awami League) প্রত্যাহার করে নেওয়া হবে। তবে সরকার গঠনের পর সুর বদলে ফেলেছিল বিএনপি। তারই ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশ সংসদে আওয়ামী লিগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে আইন পাশ করালো তারেক রহমানের সরকার (Tarique Rahaman Government)।
গত বছর ১২ মে তৎকালীন অন্তর্বর্তী সরকার ২০০৯ সালের সন্ত্রাস দমন আইন সংশোধন করে আওয়ামী লিগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। এজন্য যে অধ্যাদেশটি মহম্মদ ইউনুসের সরকার জারি করেছিল বুধবার বাংলাদেশ সংসদ সেটিকে আইন হিসেবে গ্রহণ করল। ফলে পাশ হয়ে গেল সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬।
বিনা আলোচনায় ধ্বনী ভোটে বিলটি পাশ হয়েছে। তুমুল আনন্দ উৎসাহের সঙ্গে জামায়াতে ইসলামী এবং এনসিপি বিলটি পাশে সম্মতি দেয়।
আলোচনা ছিল এই আইনের বিধান ভঙ্গ করলে কঠোর সাজার বিধান যুক্ত করা হবে বিলটিতে। শেষ পর্যন্ত তেমন কোন ধারা সংযুক্ত হয়নি।
অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাদেশ জারি করে আওয়ামী লিগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছিল জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামী। বুধবার বিলটি উত্থাপনের সময় সংসদে সে কথা স্মরণ করিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
ওয়াকিবহাল মহল মনে করছে তিনি সংসদে এই কথাটি নথিভুক্ত করিয়ে রাখলেন যে আওয়ামী লিগকে নিষিদ্ধ করার দাবি বর্তমান সংসদের প্রধান দুই বিরোধী দল প্রথমে তুলেছিল।
প্রশ্ন হল সেই নিষেধাজ্ঞা কেন বিএনপি সরকার বহাল রাখল সংসদে তা নিয়ে সরকারকে কোন ব্যাখ্যা দিতে হল না। কারণ বিরোধীরা কেউই এই বিলে কোন সংশোধনই চায়নি। এই সুযোগে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন সংশোধনী চাইলে বিলটি নিয়ে আলোচনার অবকাশ ছিল। সে ক্ষেত্রে বিএনপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ব্যাখ্যা দিতে হত কী কারণে সরকার আওয়ামী লিগের ওপর বিশেষজ্ঞ বহাল রাখার সিদ্ধান্ত নিল। মনে করা হচ্ছে এই ব্যাপারে প্রধান দুই বিরোধী দল জামায়াতে ইসলামী এবং এনসিপি বোঝাপড়া করে সরকারকে অস্বস্তিকর প্রশ্নের জবাব দেওয়া থেকে রেহাই দিল।
প্রশ্ন হল তারেক রহমানের সরকার কেন আওয়ামী লিগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে তৎপর হল? ওয়াকিবহাল মহলের বক্তব্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে আওয়ামী লিগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা ময়দানের সক্রিয় হবেন এই আশঙ্কায় বিএনপি আপাতত মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক দলটিকে রাজনীতি করতে দিতে চায় না। অন্তত আগামী সংসদ নির্বাচন পর্যন্ত তারা এই নিষেধাজ্ঞা জারি রাখতে চায়। তবে পরিস্থিতির বদল হতে পারে যদি আন্তর্জাতিক চাপ তীব্র হয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য। এছাড়া আওয়ামী লিগ যদি তীব্র আন্দোলন গড়ে তুলে সরকারকে বাধ্য করতে পারে নিষেধাজ্ঞা প্রত্যাহারে।