বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে রবিবার ঢাকায় বাংলাদেশ সরকারের সচিবালয়ে দেখা করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বিএনপি নেতা সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার তাঁর সঙ্গে মিলিত হলেন।

শেষ আপডেট: 1 March 2026 16:42
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে রবিবার ঢাকায় বাংলাদেশ সরকারের সচিবালয়ে দেখা করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বিএনপি নেতা সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার তাঁর সঙ্গে মিলিত হলেন।
ওই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও ঢাকার কূটনৈতিক ও প্রশাসনিক সূত্রের খবর, ভারতের হাইকমিশনার রাজধানীর বারিধারায় অবস্থিত ভারতের হাইকমিশন অফিসের নিরাপত্তা জোরদার করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন। বাংলাদেশের অন্যত্র, বিশেষ করে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনায় ভারতের কূটনৈতিক মিশনগুলির নিরাপত্তাও আর বাড়ানোর আর্জি জানানো হয় বৈঠকে।
ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের হামলা অব্যাহত। অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলিকে নিশানা করে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। আমেরিকা ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হওয়ার খবরে ইসলামিক দুনিয়ার একাংশ ক্ষুব্ধ। পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন দূতাবাসের উপর হামলা চালিয়েছে সে দেশের নাগরিকেরা।
মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি নিয়ে তপ্ত হতে পারে বাংলাদেশও। নিশানা করা হতে পারে ঢাকায় এবং বাংলাদেশের অন্যত্র ভারতের হাইকমিশন এবং সহকারী হাইকমিশনারের অফিস। সেই কারণেই সৌজন্য বৈঠকে হাইকমিশন অফিসের নিরাপত্তা বাড়ানোর বিষয়টি উত্থাপন করেন ভারতের হাইকমিশনার
ইতিমধ্যে বাংলাদেশে মার্কিন দূতাবাসের নিরাপত্তা কঠোর করেছে সে দেশের প্রশাসন। মার্কিন দূতাবাসের ত্রিসীমানায় কাউকে ঘেষতে দেওয়া হচ্ছে না।
বৈঠকে প্রণয় ভার্মা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন সে দেশের নাগরিকদের ফের স্বাভাবিক হারে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ওই সিদ্ধান্ত কার্যকর করার প্রক্রিয়া চলমান।
গত সপ্তাহে বাংলাদেশ সরকারের তরফেও আশ্বাস দেওয়া হয় তারাও নতুন করে স্বাভাবিক হারে ভারতীয়দের ভিসা দেবে। অন্তর্বর্তী সরকারের সময় ভারতে বাংলাদেশের এবং বাংলাদেশে ভারতের বেশকিছু দূতাবাসে হামলা হয়েছিল। তখন দুই দেশই ভিসা দেওয়ার ওপর নিয়ন্ত্রণ আরোপ করে। ভারত অবশ্য ২০২৪ এর ৫ অগস্ট গণঅভ্যুত্থানের দিন থেকেই ভিসা দেওয়া সাময়িক স্থগিত রেখেছিল। পরবর্তীকালে মেডিকেল ভিসা এবং অন্যান্য ভিসা ও সীমিত সংখ্যায় দেওয়া শুরু করে ভারত সরকার।