বাংলাদেশ পুলিশের তদন্তকারী সংস্থা পিবিআই বা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটি মামলায় শেখ হাসিনা ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed) সহ আওয়ামী লিগের সাবেক মন্ত্রী সাংসদ মিলিয়ে মোট ১১৩ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য আদালতে রিপোর্ট প্রেস করেছে।

শেষ আপডেট: 12 January 2026 16:38
দ্য ওয়াল ব্যুরো: ক্ষমতাচ্যুত হওয়ার পর কেটে গিয়েছে ১৭ মাস। তবে শেখ হাসিনা (Sheikh Hasina) সহ আওয়ামী লিগ (Awami Leauge) নেতা-নেত্রীদের বিরুদ্ধে এখনও মামলা রুজু হচ্ছে। এরই মধ্যে একটি মামলায় পুলিশের উলটপুরাণ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বাংলাদেশ (Bangladesh)।
বাংলাদেশ পুলিশের তদন্তকারী সংস্থা পিবিআই বা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটি মামলায় শেখ হাসিনা ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed) সহ আওয়ামী লিগের সাবেক মন্ত্রী সাংসদ মিলিয়ে মোট ১১৩ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য আদালতে রিপোর্ট প্রেস করেছে।
কোর্টে জমা করার রিপোর্টে পিবিআই বলেছে এই মামলায় যাদের আহত বলে নাম উল্লেখ করা হয়েছে তারা সকলেই নিখোঁজ। তাদের বাসস্থানের ঠিকানায় পাওয়া যায়নি। এমনকী মামলাকারী তাঁর আহত ভাইয়ের যে ঠিকানা এফআইআরে উল্লেখ করেছিলেন সেখানে তাঁকে পাওয়া যায়নি। উল্টে বাড়িওয়ালা লিখিতভাবে পুলিশকে জানিয়েছেন ওই নামে তাঁর বাড়িতে কেউ ভাড়া থাকতেন না। এখনও নেই।
ঢাকার ধানমন্ডি (Dhanmundi) থানায় মামলাটি হয়েছিল ২০২৪ এর ৩ সেপ্টেম্বর। জনৈক ও শাহেদ আলির ভাই পরিচয় দিয়ে এক ব্যক্তি দাবি করেন, সে বছর ৪ আগস্ট তাঁর ভাই বাড়ি ফেরার সময় আক্রান্ত হন। ওই ঘটনায় শেখ হাসিনা এবং তার পুত্র জয় ও আওয়ামী লিগ, যুবলিগ সহ ১১৩ জন জড়িত।
ধানমন্ডি থানার পুলিশ ওই মামলা তদন্তে নেমে আহতদের খোঁজ পায়নি। বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রক মামলাটি পুলিশ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্তের জন্য পাঠায়। তারাও আহতদের খুঁজে পাইনি। পিবিআই আদালতে পেশ করা নথিতে বলেছে, তারা ঘটনাস্থলের আশপাশের সমস্ত হাসপাতালের কাছ থেকে লিখিতভাবে ওইদিনের আহতদের নাম-ঠিকানা সংগ্রহ করেছে। তাতে মামলায় উল্লিখিত কারো নাম আহতদের তালিকায় নেই। তাছাড়া জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সেই তালিকাতেও মামলায় উল্লেখিত আহতদের নাম নেই। পিবিআই আদালতে জানিয়েছে আহতরা নিখোঁজ।
যদিও পুলিশ প্রশাসনের একাংশের বক্তব্য এটি একটি ভুয়া মামলা। এই ধরনের অনেক ভুয়া মামলা গণঅভ্যুত্থানের আগে-পরে রুজু হয়েছিল। যেমন শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় আড়াইশো খুনের মামলা রুজু হয়েছে বিভিন্ন আদালতে। এখন তদন্তে নেমে পুলিশের দিশেহারা অবস্থা।
সংশ্লিষ্ট মামলাটিতে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় ছাড়াও অভিযুক্তের তালিকায় আছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেতুমন্ত্রী তথা আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলিগের সাধারণ সম্পাদক শেখ ইনানের নাম।