এক বিবৃতিতে তিনি বলেন, ভারতের রাজধানী দিল্লিতে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

শেখ হাসিনা (ফাইল ছবি)
শেষ আপডেট: 11 November 2025 08:24
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে জঙ্গি-সন্ত্রাসী হামলায় নিরপরাধ মানুষকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিহতদের স্মরণে গভীর শোক এবং শোকসন্তপ্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন আওয়ামী লিগ সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ভারতের রাজধানী দিল্লিতে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আধুনিক বিশ্বে উগ্র-জঙ্গিবাদী সন্ত্রাসের কোনও জায়গা নেই। এই উগ্রবাদী জঙ্গি-সন্ত্রাসীরা অসাম্প্রদায়িক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থার মূলে আঘাত করে। এই সন্ত্রাসী-জঙ্গিগোষ্ঠী বাংলাদেশ রাষ্ট্রকে খোলনলচে বদলে ফেলেছে।
পাকিস্তানভিত্তিক এই জঙ্গিগোষ্ঠীগুলো বাংলাদেশসহ বিভিন্ন দেশে নেটওয়ার্ক বিস্তৃত করে ভারতে হামলা চালিয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়। এই সন্ত্রাসীদের রুখে দিয়ে মানুষে মানুষে সম্পর্ক স্থাপনের মাধ্যমে দক্ষিণ এশিয় শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আদর্শিক এই লড়াইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বাংলাদেশ আওয়ামী লিগের পূর্ণ সমর্থন রয়েছে।
বিবৃতিতে শেখ হাসিনা আরও বলেন, আমরা বিশ্বাস রাখি, বর্তমান বিশ্ব সভ্যতায় মানবতাবিরোধী এ ধরনের জঘন্য অপরাধের কোনও জায়গা এবং ক্ষমা নেই। সন্ত্রাসবাদের ভিত্তিভূমি যেখানেই হোক না কেন- তা সমূলে উৎপাটন করতে হবে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এই সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠীকে যারা মদত দিচ্ছে, তারাও মানবতার শত্রু এবং তাদের প্রতিও আমরা চরম ঘৃণা প্রকাশ করছি।
বিবৃতিতে তিনি আরও বলেন, আমরা ভারতের জনগণের পাশে আছি এবং সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াইয়ে ভারতকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করছি। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান। আমরা বিশ্বাস করি, এই সন্ত্রাসী-জঙ্গিগোষ্ঠীর পরাজয়ের মধ্য দিয়ে ন্যায়বিচার ও মানবাধিকার সমুন্নত হবে এবং পৃথিবী আরও নিরাপদ হয়ে উঠবে।