চিঠিতে একাধিক রাজনৈতিক দলের উপর রাজনৈতিক বিধি নিষেধ, আওয়ামী লিগের ওপর আরোপিত সীমাবদ্ধতা, রাজনৈতিক বক্তব্য, সমাবেশ এবং ন্যায় বিচারের অধিকারের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক প্রশাসনিক ও কূটনৈতিক মহলে রাষ্ট্রসংঘের এই চিঠিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রসংঘের তরফে এই প্রথম কঠোর কার্যকরী পদক্ষেপ করা হলো বলে ওয়াকিবহালমহল মনে করছে।
_0.jpeg.webp)
শেষ আপডেট: 30 March 2026 19:47
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা হরণ এবং আওয়ামী লিগের (Awami Leauge) কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রশ্ন তুলে সে দেশের সরকারকে চিঠি দিয়েছে রাষ্ট্রসংঘ। রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি আওয়ামী লিগের উপর বলবৎ নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হবে না তার জবাব চেয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে ঐ চিঠি লেখা হলেও এখন তার দায় বর্তেছে সদ্য ক্ষমতায় আসা বিএনপি সরকারের উপর।
চিঠিতে একাধিক রাজনৈতিক দলের উপর রাজনৈতিক বিধি নিষেধ, আওয়ামী লিগের ওপর আরোপিত সীমাবদ্ধতা, রাজনৈতিক বক্তব্য, সমাবেশ এবং ন্যায় বিচারের অধিকারের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক প্রশাসনিক ও কূটনৈতিক মহলে রাষ্ট্রসংঘের এই চিঠিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রসংঘের তরফে এই প্রথম কঠোর কার্যকরী পদক্ষেপ করা হলো বলে ওয়াকিবহালমহল মনে করছে।
চিঠিতে আওয়ামী লিগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও ট্রাইব্যুনাল আইন প্রয়োগ, রাজনৈতিক বক্তব্য ও সমাবেশে বাধা, গণগ্রেফতার এবং ন্যায্য বিচারের লঙ্ঘনের অভিযোগ উল্লেখ করা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেন মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক বেন সল, জবরদস্তি আটক সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের যোগাযোগ বিষয়ক ভাইস-চেয়ার ম্যাথিউ গিলেট এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক মার্গারেট স্যাটারথওয়েট।
বিশেষজ্ঞরা বলেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত চুক্তির অধীনে সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, মতপ্রকাশ, জনজীবনে অংশগ্রহণ এবং ন্যায্য বিচারের অধিকারের ওপর 'অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ সীমাবদ্ধতা' আরোপ করতে পারে।
আওয়ামী লিগের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে চিঠিতে বলা হয়েছে, চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের মে মাসে আইনি সংশোধনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লিগের সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার আওতায় রাজনৈতিক কার্যক্রম, জনসমাবেশ, প্রকাশনা, গণমাধ্যমে প্রচার এবং নির্বাচনে অংশগ্রহণ অন্তর্ভুক্ত ছিল। এছাড়া নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে, ফলে তারা নির্ধারিত জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেনি।
জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেন, কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ করা সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতার ওপর সবচেয়ে গুরুতর সীমাবদ্ধতার একটি এবং এটি কেবল ব্যতিক্রমী পরিস্থিতিতেই প্রয়োগ করা উচিত। তারা আরও সতর্ক করেন, সন্ত্রাসবিরোধী ক্ষমতা ব্যবহার করে কোনও রাজনৈতিক দলকে দমন করা উচিত নয়, বরং সহিংসতার নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি মোকাবিলায় তা প্রয়োগ করা উচিত।
চিঠিতে আওয়ামী লিগের যোগাযোগ কার্যক্রমে বিধিনিষেধ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যার মধ্যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা এবং সংশোধিত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত 'যেকোনো প্রচার' নিষিদ্ধ করার কথা উল্লেখ রয়েছে।
বিশেষজ্ঞরা বলেন, এ ধরনের সামগ্রিক নিষেধাজ্ঞা রাজনৈতিক বিতর্ককে স্তব্ধ করে দিতে পারে, যেখানে লক্ষ্য হওয়া উচিত কেবল সহিংসতা বা উসকানি রোধ করা। সমাবেশ ও নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে, আওয়ামী লিগের সমর্থনে সব ধরনের জমায়েতে সার্বিক নিষেধাজ্ঞা অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হয় এবং একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া বহুত্ববাদকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ভোটারদের প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ সীমিত করে।
গ্রেফতার, আটক ও ন্যায্য বিচার
জাতিসংঘের বিশেষজ্ঞরা আওয়ামী লিগের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা ব্যক্তিদের—যাদের মধ্যে সাংবাদিক ও আইনজীবীরাও রয়েছেন—গণগ্রেফতারের অভিযোগের কথাও উল্লেখ করেছেন। পাশাপাশি হেফাজতে মৃত্যুর ঘটনা, কিছু মরদেহে নির্যাতনের চিহ্ন এবং ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর কিছু সহিংসতার ঘটনার ক্ষেত্রে দায়মুক্তির অভিযোগও তুলে ধরা হয়েছে। এসব বিষয়কে তারা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন এবং বলেন, সার্বিক দায়মুক্তি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শেখ হাসিনার মামলার বিষয়ে চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায্য বিচারের নিশ্চয়তা নিয়ে 'গভীর উদ্বেগ' প্রকাশ করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে পছন্দমতো আইনজীবী না পাওয়া, প্রতিরক্ষা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না দেওয়া এবং বিচার প্রক্রিয়ার রাজনৈতিক প্রভাব। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ন্যায্য বিচারের মানদণ্ড লঙ্ঘিত হলে আন্তর্জাতিক আইনের অধীনে মৃত্যুদণ্ডকে ইচ্ছামত বা অন্যায় হিসেবে গণ্য করা হতে পারে।
চিঠিতে বাংলাদেশ সরকারের কাছে দশটি বিস্তারিত প্রশ্ন উত্থাপন করা হয়েছে যার মধ্যে ছিল আওয়ামী লিগের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য কী 'নির্দিষ্ট, বর্তমান ও বাস্তব ঝুঁকি' ছিল? এই বিধিনিষেধ কতদিন থাকবে?
চিঠিতে বলা হয়েছে, সরকারের যে কোনও জবাব ৬০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশকে এসব পদক্ষেপ পর্যালোচনা ও সংশোধনের আহ্বান জানানো হয়েছে এবং সতর্ক করা হয়েছে যে নির্বাচনের পূর্ববর্তী সময়ে নির্বাহী আদেশের মাধ্যমে একটি বড় রাজনৈতিক দলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া রাজনৈতিক বহুত্ববাদ সীমিত করতে পারে এবং উল্লেখযোগ্য সংখ্যক ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে। প্রশাসনিক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল বলছে রাষ্ট্রসংঘের এই চিঠির জবাব এখন বর্তমানে ক্ষমতাসীন তারেক রহমান সরকারকে দিতে হবে।
এই চিঠিকে কেন গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক মহল?
চিঠিতে শুধু উত্থাপিত অভিযোগই নয়, বরং যেভাবে বিষয়গুলি উপস্থাপন করা হয়েছে তাতেও নিহিত। জাতিসংঘের বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন যে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের স্বাধীন ও নিরপেক্ষ আদালতে ন্যায্য বিচারের মাধ্যমে জবাবদিহির আওতায় আনা উচিত। একই সঙ্গে তারা সতর্ক করেছেন, এমন সামগ্রিক রাজনৈতিক নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে যা পুরো একটি দল, তার সমর্থক এবং বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করে।
ফলে, এই চিঠিটি শুধু আওয়ামী লিগের আন্তর্জাতিক অবস্থানের জন্যই নয়, বরং রাজনৈতিক বহুত্ববাদ, যথাযথ আইনি প্রক্রিয়া, নির্বাচনে অংশগ্রহণ এবং মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের অধীনে আইনের শাসন সম্পর্কিত বৃহত্তর প্রশ্নগুলির জন্যও গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।