চলতি বছরের এপ্রিলের গোড়ায় তিনি ভারতে বাংলাদেশের নতুন হাই কমিশনারের দায়িত্বভার নেন। ঘটনাচক্রে তার দিন কয়েক আগে ব্যাঙ্ককে বিমসটেক সম্নেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ করেন। পাল্টা মোদী বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত অভিযোগ তোলার অভিযোগ করেন।

গ্রাফিক্স দ্য ওয়াল।
শেষ আপডেট: 20 October 2025 15:10
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর পর কালী পুজো, দীপাবলি এবং ভাইফোঁটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে ভারতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ’র (M. Riaz Hamidullah) সৃজনশীল পোস্ট। এই তিন উৎসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক মিনিট ৩৭ সেকেন্ডের এক আকর্ষণীয় অ্যানিমেশন ভিডিও পোস্ট করেছেন তিনি। ভিডিওটি পোস্ট করে হিন্দি, বাংলা ও ইংরিজিতে দীপাবলি, কালী পুজো এবং ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, বাংলাদেশে কার্তিকের নতুন চাঁদে, লক্ষ প্রদীপের চোখ মেলে—মুণ্ডমালিনী কালীর ত্রিনেত্রের ক্ষীণ আলোর মত। অসীম অন্ধকারের বুকে যেমন জেগে ওঠে অসংখ্য তারা। আলোর এই উৎসবে দীপাবলির মাতৃ সাধনার মন্ত্র নিয়ে এই মাটির কন্যারা আবার দাদা-ভাইদের কপালে শুভ তিলক এঁকে দেয়।
চলতি বছরের এপ্রিলের গোড়ায় তিনি ভারতে বাংলাদেশের নতুন হাই কমিশনারের দায়িত্বভার নেন। ঘটনাচক্রে তার দিন কয়েক আগে ব্যাঙ্ককে বিমসটেক সম্নেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ করেন। পাল্টা মোদী বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত অভিযোগ তোলার অভিযোগ করেন। গত বছর ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দু-দেশের সম্পর্ক ‘অনন্য উচ্চতা’ থেকে আচমকা ‘অভাবনীয় অবনতি’ হয়।এমন সন্ধিক্ষণে বাংলাদেশের ফরেন সার্ভিসের পোড়খাওয়া কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ’র নিয়োগকে দু-দেশের কূটনৈতিক মহলেই কৌতূহল তৈরি করে। বিগত সাত মাসে হামিদুল্লাহ’র কাজ দিল্লির বাংলাদেশ হাই কমিশন সম্পর্কে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। কূটনীতির চেনা পথের বাইরে তিনি দু-দেশের মানুষকে উৎসব এবং শিল্পকলা দিয়ে জুড়তে চাইছেন। পাশাপাশি তাৎপর্যপূর্ণ হল, ভারতের বিদেশ মন্ত্রক থেকেও তিনি সমর্থন পাচ্ছেন।
দুর্গাপুজোকে দু’দেশের বৃহত্তম উৎসবগুলির একটি হিসাবে তুলে ধরে হাই কমিশন থেকে প্রচারিত ছোট অ্যানিমেশন ভিডিওটি তুমুল সাড়া ফেলে। ভিডিও’টির মূল বার্তা ছিল, দুর্গাপুজো বাংলাদেশে ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সকল দেশবাসীর উৎসবে পরিণত হয়েছে। তাঁর নির্দেশে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনার সিকদার মহম্মদ আশরাফুর রহমানের নেতৃত্বে একটি দল শহরের বিভিন্ন পুজো প্যান্ডেলে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
উৎসবকে সম্পর্কের সেতু বন্ধনে ব্যবহারে রিয়াজ হামিদুল্লাহ’র এই প্রচেষ্টা তুমুল প্রশংসিত হয়। দিল্লিতে বাংলাদেশের জামদানি প্রদর্শনী এবং ইলিশ উৎসব করেও প্রশংসা কুড়িয়েছেন এই কূটনীতিক। গত ১৪ সেপ্টেম্বর হিন্দি দিবসে তাঁর শুভেচ্ছা পোস্টটিও বিশেষ নজর কাড়ে। কূটনীতিক মহলে ‘কথা কম কাজ বেশি’ মন্ত্রে বিশ্বাসী মানুষ হিসাবে পরিচিত রিজায় হামিদুল্লাহ ইতিমধ্যে কলকাতা-সহ ভারতের বিভিন্ন শহরে গিয়েছেন। দেখা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। সর্বত্রই তিনি দুই দেশের মানুষের অভিন্ন উৎসব, খাবার, পোশাক, জীবনযাত্রার নানা দিক তুলে ধরে দু-দেশের সম্পর্ককে জুড়তে চাইছেন। এবার পুজোয় এপারের বাঙালিকে বাংলাদেশের ইলিশ খাওয়াতেও বিশেষ উদ্যোগ নিয়েছিলেন তিনি।