ভিপি প্রার্থী সাদিক কায়েম মোট ভোট পেয়েছেন ১৪ হাজার ২৩৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট।
.jpg.webp)
ডাকসু’র ভোটে বিপুল জয় মুক্তিযুদ্ধ বিরোধী শিবিরের
শেষ আপডেট: 10 September 2025 08:50
দ্য ওয়াল ব্যুরো: ঢাকা বিশ্ববিদ্যালয় (Dhaka University) কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু এবং হল সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ পদগুলি জিতে ইতিহাস গড়ল ইসলামী ছাত্রশিবির। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতে ইসলামির ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে নয়া অধ্যায়ের সূচনা করল বলে অনেকে মনে করছেন। আওয়ামী লিগের ক্ষমতায় না থাকার সুযোগে মৌলবাদী শক্তির উত্থান এবং বিএনপি ও সদ্য তৈরি বিপ্লবী পার্টি এনসিপি-র ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামাতের ইসলামি ছাত্র শিবিরকে ঠেকাতে ব্যর্থ হল। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগ এই নির্বাচনে অংশ নিতে পারেনি। ভোট দিতে দেওয়া হয়নি তাদের সমর্থক পড়ুয়াদেরও।
সোমবার দিনভর ছাত্র সংসদের ভোট গ্রহণ শেষে রাতে গণনা শুরু হয়। মঙ্গলবার সকাল ৬’টা পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী ইসলামিক ছাত্র শিবিরের শিক্ষার্থী জোটের প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট বা ভিপি পদে সাদিক কায়েম, জেনারেল সেক্রেটারি পদে এসএম ফরহাদ এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে মহিউদ্দিন খান জয় বিজয়ী হয়েছে।। ভিপি প্রার্থী সাদিক কায়েম মোট ভোট পেয়েছেন ১৪ হাজার ২৩৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট।
তবে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে সরব হয়েছেন একাধিক প্রার্থী। গত বছর হাসিনা বিরোধী আন্দোলনের সামনের সারিতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা ফাতামা ভোটে ব্যাপক কারচুপির অভিযোগে মাঝপথে লড়াই থেকে সরে দাঁড়ান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থী বাকের মজুমদারের কথায়, হাসিনা জমানাতেও এমন প্রহসনের ভোট হয়নি।
রাজনৈতিক মহল মনে করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোটের ফল বাংলাদেশের চলমান রাজনীতিতে জামাতকে অনেকটাই এগিয়ে দিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে তাদের মত বিরোধ আরও চওড়া হবে। আগামী বছর ফেব্রুয়ারিতে ভোটের দাবিতে মরিয়া খালেদা জিয়া-তারেক জিয়াদের দল। অন্যদিকে, জামাতের দাবি প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচন নয়।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলি ছাত্র সংসদগুলিতে পদাধিকার বলে প্রেসিডেন্ট হন উপাচার্যরা। ছাত্রদের তরফে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদটি হল ভাইস প্রেসিডেন্ট। ডাকসুর ভোটে ছাত্র শিবিরের প্রার্থীরা শেখ মুজিব হল, সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, বেগম রোকেয়া হল, জগন্নাথ হল, জিয়াউর রহমান হল, ফজিলাতুননেছা মুজিব হলে বিপুল ভোটে জয়লাভ করেছেন। যেগুলিতে একটা সময় একচ্ছত্র দখল ছিল ছাত্র লিগ ও ছাত্র দলের।