অসম সরকার ইতিমধ্যেই স্পেশাল ডি-জিপি এমপি গুপ্তার নেতৃত্বে ১০ সদস্যের SIT গঠন করেছে।

জুবিন গর্গ
শেষ আপডেট: 30 September 2025 11:07
দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গাপুরে (Singapore) প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুর তদন্ত (Zubeen Garg death investigation) শুরু হয়েছে। অসম সরকারের (Assam Government) পক্ষ থেকে এল দ্রুত পদক্ষেপ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Assam CM Himanta Biswa Sarma) সোমবার ঘোষণা করেছেন, সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় তদন্ত চালাতে অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) সিঙ্গাপুরে যাবে।
৫২ বছর বয়সি এই গায়ক গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এর সময় জলে ডুবে প্রাণ হারান। তিনি সেখানে উত্তর-পূর্ব ভারত উৎসবে গান পরিবেশনের উদ্দেশ্যে গিয়েছিলেন।
অসম সরকার ইতিমধ্যেই স্পেশাল ডি-জিপি এমপি গুপ্তার নেতৃত্বে ১০ সদস্যের SIT গঠন করেছে। মুখ্যমন্ত্রী জানান, ইভেন্ট অর্গানাইজার শ্যামকানু মহন্তকে আগামী দু’দিনের মধ্যে হেফাজতে নেওয়া হবে এবং গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গ্রেফতার করারও প্রস্তুতি চলছে।
মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা কেন্দ্রকে অনুরোধ করেছি সিঙ্গাপুরের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (MLAT) কার্যকর করার জন্য। ইতিমধ্যেই কেন্দ্র সিঙ্গাপুরে প্রস্তাব পাঠিয়েছে। SIT টিম সিঙ্গাপুরে যাবে। আগামী ২-৩ দিনের মধ্যেই শ্যামকানু মহন্তকে গ্রেফতার করা হবে এবং সিদ্ধার্থ শর্মাকে ট্র্যাক করা গিয়েছে। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে পুলিশ তাঁকে গ্রেফতার করবে।”
অসমের ডি-জিপি হরমিত সিং জানিয়েছেন, SIT-এর একটি টিম দিল্লিতে রয়েছে এবং দু’জন অফিসার সিঙ্গাপুর যাবেন। তিনি আরও বলেন, “গত এক সপ্তাহে অসম পুলিশের প্রতি রাজ্যবাসী আস্থা দেখিয়েছেন। অনুরোধ, সেই ভরসা রাখুন। আইন মেনে বৈজ্ঞানিক ও স্বচ্ছ তদন্ত করা হবে।”