জোমাটো একধাক্কায় ২.৪০ টাকা বাড়িয়ে দিল প্ল্যাটফর্ম ফি। কার্যকর হচ্ছে আজ থেকেই।

জোমাটো
শেষ আপডেট: 20 March 2026 16:58
দ্য ওয়াল ব্যুরো: অনলাইন খাবার অর্ডার করতে এবার গুনতে হবে আরও বেশি টাকা। প্ল্যাটফর্ম ফি (Platform Fee) বাড়াল জোমাটো (Zomato), শুক্রবার থেকেই কার্যকর নতুন হার।
প্রতি অর্ডারে ১২.৫০ টাকা থেকে বাড়িয়ে প্ল্যাটফর্ম ফি করা হয়েছে ১৪.৯০ টাকা অর্থাৎ প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি। ফলে একধাক্কায় ২.৪০ টাকা বেশি দিতে হবে গ্রাহকদের। এই অতিরিক্ত খরচ যোগ হবে খাবারের দাম (Food Price), ডেলিভারি চার্জ (Delivery Charge) এবং জিএসটি (GST)-র সঙ্গে। স্বাভাবিকভাবেই অনলাইন ফুড অর্ডারে (Online Food Ordering) অভ্যস্তদের পকেটে এর প্রভাব পড়তে চলেছে।
এই মূল্যবৃদ্ধির পিছনে রয়েছে আন্তর্জাতিক পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের সংঘাতের (Middle East Conflict) জেরে অপরিশোধিত তেল (Crude Oil) ও এলপিজির (LPG) সরবরাহে সমস্যা। তার প্রভাব পড়েছে জ্বালানির বাজারে (Fuel Market)। এর জেরে সরকার বাণিজ্যিক এলপিজি (Commercial LPG) সরবরাহে নিয়ন্ত্রণ এনেছে এবং গৃহস্থালির এলপিজি (Domestic LPG) সরবরাহ বাড়িয়েছে। এই পরিস্থিতির মধ্যেই জোমাটোর এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ।
তবে শুধু খরচ বাড়ার গল্পই নয়, ব্যবসায়িক দিক থেকেও ঘুরে দাঁড়াচ্ছে এই সংস্থা। অক্টোবর-ডিসেম্বর (October-December Quarter) ত্রৈমাসিকে সংস্থার ফুড ডেলিভারি ব্যবসা (Food Delivery Business) ফের গতি পেয়েছে। উৎসবের চাহিদা (Festive Demand), সাশ্রয়ী অফার (Affordability Offers) এবং বাড়তে থাকা ব্যবহারকারী সংখ্যার (User Base) জোরে অর্ডার বেড়েছে।
এই সময়ে জোমাটোর নেট অর্ডার ভ্যালু (Net Order Value) বছরে ১৬.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯,৮৪৬ কোটি টাকায়। একই সঙ্গে গ্রস অর্ডার ভ্যালু (Gross Order Value) বেড়েছে ২১.৩ শতাংশ। যা আগের সেপ্টেম্বর ত্রৈমাসিকের (September Quarter) ১৩.৮ শতাংশ বৃদ্ধির তুলনায় অনেকটাই বেশি।
পাশাপাশি গড় মাসিক লেনদেনকারী ব্যবহারকারী (Average Monthly Transacting Users) বেড়ে ২৪.৯ মিলিয়নে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ২১ শতাংশ বেশি। সংস্থার কর্তাদের মতে, এখন এই বৃদ্ধির বড় অংশ আসছে টিয়ার-২ ও টিয়ার-৩ শহর (Tier-II and Tier-III Cities) থেকে, যেখানে সাশ্রয়ী পরিষেবার চাহিদা বেশি।
সব মিলিয়ে, ব্যবসা বাড়লেও বাড়তি খরচের চাপ এখন সরাসরি পড়ছে গ্রাহকদের উপরই। তবে, ঠিক কী কারণে এই ফি বৃদ্ধি, তা বিস্তারিত জানায়নি সংস্থা।