আনুমানিক হিসাবে দেখা যাচ্ছে, ২২ সেপ্টেম্বর থেকে ডেলিভারি চার্জের উপর ১৮ শতাংশ জিএসটি যোগ হলে, প্রতি অর্ডারে জোমাটো ব্যবহারকারীদের প্রায় ২ টাকা এবং সুইগি ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রায় ২.৬ টাকা অতিরিক্ত খরচ হবে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 7 September 2025 19:24
দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরসুম ঘনিয়ে আসার আগেই খাবার অর্ডার করা আরও খরচের হয়ে উঠতে চলেছে। কারণ, প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে দেশের তিন বড় অনলাইন ফুড ডেলিভারি সংস্থা, জোমাটো (Zomato), সুইগি (Swiggy) এবং ম্যাজিকপিন (Magicpin)। এছাড়া, ২২ সেপ্টেম্বর থেকে ডেলিভারি চার্জের (Delivery Charge) উপর ১৮ শতাংশ জিএসটি বসায় খরচ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে দেশের লক্ষ লক্ষ গ্রাহকের পকেট থেকে বাড়তি টাকা বেরোবে।
সুইগি ইতিমধ্যেই কিছু শহরে প্ল্যাটফর্ম ফি (Platform Fee) বাড়িয়ে ১৫ টাকা করেছে (জিএসটি-সহ)। প্রতিদ্বন্দ্বী জোমাটো প্ল্যাটফর্ম ফি করেছে ১২.৫০ টাকা (জিএসটি বাদে)। এদিকে দেশের তৃতীয় বৃহত্তম ফুড ডেলিভারি অ্যাপ ম্যাজিকপিন প্রতি অর্ডারে প্ল্যাটফর্ম ফি ১০ টাকা করেছে। শিল্প মহলের ট্রেন্ড মেনে এই পরিবর্তন আনা হয়েছে। তবে এর ফলে খাবার অর্ডার করা ক্রেতাদের জন্য আরও খরচসাপেক্ষ হয়ে পড়ছে।
আনুমানিক হিসাবে দেখা যাচ্ছে, ২২ সেপ্টেম্বর থেকে ডেলিভারি চার্জের উপর ১৮ শতাংশ জিএসটি যোগ হলে, প্রতি অর্ডারে জোমাটো ব্যবহারকারীদের প্রায় ২ টাকা এবং সুইগি ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রায় ২.৬ টাকা অতিরিক্ত খরচ হবে।
অন্যদিকে ম্যাজিকপিন-এর এক মুখপাত্র জানিয়েছেন, তারা ইতিমধ্যেই ফুড ডেলিভারির খরচের উপর ১৮ শতাংশ জিএসটি দিয়ে আসছে। তাই নতুন জিএসটি পরিবর্তনে তাদের খরচের কাঠামোয় কোনও প্রভাব পড়ছে না। তিনি বলেন, 'গ্রাহকদের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে না। আমাদের প্ল্যাটফর্ম ফি প্রতি অর্ডারে ১০ টাকা থাকবে, যা বড় ফুড ডেলিভারি সংস্থাগুলির মধ্যে সবচেয়ে কম।'
সাম্প্রতিক সময়ে প্ল্যাটফর্ম ফি ফুড ডেলিভারি সংস্থাগুলির আয়ের একটি বাড়তি উৎস হয়ে উঠেছে। একই সময়ে জোমাটো, সুইগি ও ম্যাজিকপিন-এর এই বৃদ্ধি ভারতের ফুড ডেলিভারি সেক্টরে খরচ ক্রমশ বাড়ার প্রবণতাকে আরও স্পষ্ট করছে। এতে প্রশ্ন উঠছে, খাদ্য অর্ডার করার ক্ষেত্রে সুবিধা ও সাশ্রয়ী দাম কি একসঙ্গে চলতে পারবে?