আমদাবাদের ঘটনার খবর পাওয়ার পরই ভারতের প্রধানমন্ত্রীকে এক শোকবার্তা পাঠান ইউনুস।

ইউনুস- মোদী
শেষ আপডেট: 12 June 2025 19:03
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বৃহস্পতিবার ২৪২ জন যাত্রী-সহ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এবং সেটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় বিমানে উপস্থিত সকলের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিমানটি যেখানে ভেঙে পড়ে সেই মেডিক্যাল কলেজের ২০ জন জুনিয়র ডাক্তারেরও মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই ঘটনার খবর পাওয়ার পরই ভারতের প্রধানমন্ত্রীকে এক শোকবার্তা পাঠান ইউনুস। তিনি লেখেন, 'আমদাবাদে ২৪২ জন যাত্রী নিয়ে উড়ানের সময় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটির দুর্ঘটনার খবর পেয়ে আমি স্তম্ভিত। যাঁরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই কঠিন সময়ে আমাদের প্রার্থনা ও সহানুভূতি তাঁদের সঙ্গেই রইল।'
ভারত সরকার ও সাধারণ নাগরিকদের প্রতি সহমর্মিতা জানিয়ে ইউনুস আরও লেখেন, 'এই দুঃসময়ে ভারত সরকার ও ভারতের জনগণের পাশে বাংলাদেশ রয়েছে। প্রয়োজন হলে যেকোনও ধরনের সহায়তা করতে আমরা প্রস্তুত।'
এর আগে পহেলগামে জঙ্গি হামলার সময়ও শোকবার্তা পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এই পদক্ষেপ হাসিনা পরবর্তী সময় দুই দেশের বন্ধুত্বের ইঙ্গিত বলেই মনে করছে কূটনৈতিক মহল।