সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ১.১৭ নাগাদ আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার (Air India Plane Crash) বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে।
.jpg.webp)
আমদাবাদের বিমান দুর্ঘটনা
শেষ আপডেট: 12 June 2025 17:55
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেঁপে উঠেছে গোটা দেশ। টেক অফের পরই ভেঙে পড়ে লন্ডনগামী বিমান। ২৪২ জন যাত্রীরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার (Air India Plane Crash) তরফে ইতিমধ্যেই বিবৃতি জারি করা হয়েছে। বিমানে ১৬৯ জন ভারতীয় এবং ৫৩ জন ব্রিটিশ-সহ ৬১ জন বিদেশি যাত্রী ছিলেন। তাঁদের কারও বেঁচে থাকার সম্ভাবনা কম।
সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ১.১৭ নাগাদ আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার (Air India Plane Crash) বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। প্রাথমিকভাবে জানা যায়, উড়ানের সময় বিমানের পিছনের অংশের সঙ্গে ধাক্কা লাগে গাছের। এরপরই ভয়াবহ দুর্ঘটনা।
বিমানে মোট ২৪২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান যাত্রী। বিমানে মোট ১১ জন শিশু থাকার খবরও পাওয়া গিয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তদন্ত শুরু হয়েছে। দ্রুত গতিতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ, দমকল ও উদ্ধারকারী দল।
Ahmedabad Plane Crash: Air India plane crashes near Ahmedabad Airport#Ahmedabad #PlaneCrash #BreakingNews #AirIndiaPlaneCrash pic.twitter.com/1p7iestWTh
— The Wall (@TheWallTweets) June 12, 2025
ঘটনাস্থল থেকে একের পর এক যাত্রীর ঝলসানো দেহ বের করে আনা হয়। ঘটনাস্থলে পৌঁছায় অ্যাম্বুলেন্স ও দমকলের ইঞ্জিন। এয়ার ইন্ডিয়া ও ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি বিমানের ব্ল্যাকবক্স সংগ্রহের কাজও চলছে। দুর্ঘটনার পর আমদাবাদ বিমানবন্দর বন্ধ করা হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক বিমান।
এদিকে, এয়ার ইন্ডিয়ার বিমানটি বিমানবন্দর সংলগ্ন একটি মেডিক্যাল কলেজের উপর ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় ক্যান্টিনে খাওয়া দাওয়া হচ্ছিল। ২০ জন জুনিয়র চিকিৎসকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Air India Plane Crash) দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই গুজরাত সরকারের সঙ্গে কথা বলেছে প্রধানমন্ত্রীর দফতর। অমিত শাহের পর প্রধানমন্ত্রীও রওনা দিয়েছেন আমদাবাদের উদ্দেশে। ভারতের বিমান দুর্ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগের মহল। পাশে থাকার বার্তা দিয়েছে চিন।
এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi), রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধী-সহ অনেকেই এই দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।