মহিলা থাকতেন সোয়ান লেক অ্যাপার্টমেন্টের ১৩ তলায়, স্বামী ও ছেলেকে নিয়ে। বুধবার সকাল ১০টা নাগাদ স্বামী ও ২৬ বছরের ছেলে কাজে বেরোন। তারপরই ঘটে এই খুন।

মৃত মহিলা
শেষ আপডেট: 11 September 2025 14:50
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের সাইবারাবাদের এক গেটেড কমিউনিটিতে নৃশংস খুন। ৫০ বছরের রেণু আগরওয়ালকে হাত-পা বেঁধে প্রথমে প্রেসার কুকার দিয়ে মারধর করা হয়। পরে ছুরি ও কাঁচি দিয়ে গলা কেটে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রেণু থাকতেন সোয়ান লেক অ্যাপার্টমেন্টের ১৩ তলায়, স্বামী ও ছেলেকে নিয়ে। বুধবার সকাল ১০টা নাগাদ স্বামী ও ২৬ বছরের ছেলে কাজে বেরোন। ফেরার সময় বারবার ফোন করেও রেণুর উত্তর না পেয়ে বিকেল ৫টার দিকে স্বামী ফেরেন। ঘর ভিতর থেকে তালাবন্ধ ছিল। প্লাম্বারের সাহায্যে বারান্দা দিয়ে ঢুকে দেখেন, রেণুর দেহ পড়ে রয়েছে। পুলিশে খবর দেন তিনি।
অভিযোগ, খুনিরা রেণুর হাত-পা বেঁধে কুকার দিয়ে মারধর করে। পরে গলায় ছুরি ও কাঁচির আঘাত করে খুন করা হয়। ঘর থেকে খোয়া যায় প্রায় ৪০ গ্রাম সোনা ও ১ লক্ষ টাকা নগদ। এমনকি খুনের পর ওই ফ্ল্যাটেই স্নান করে জামা বদলায় খুনিরা। রক্তমাখা জামাকাপড় ফেলে রেখে পালায় পরে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, খুনে জড়িত দু’জনই বাড়ির কাজের লোক। একজন কাজ করত আগরওয়াল পরিবারের কাছে, আরেকজন পাশের ফ্ল্যাটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুরে ওই দু’জন ১৩ তলায় ওঠে এবং বিকেল ৫টা ২ মিনিটে বেরিয়ে যায়। পুলিশ জানিয়েছে, দু’জনই আপাতত পালিয়ে ঝাড়খণ্ডের রাঁচির দিকে গিয়েছে বলে সন্দেহ।
অভিযুক্তদের মধ্যে হর্ষা নামে এক জন মাত্র ১০ দিন আগে কলকাতার একটি ম্যানপাওয়ার এজেন্সির মাধ্যমে চাকরি পায় আগরওয়ালদের বাড়িতে। অপরজন রৌশন, থাকত পাশের ১৪ তলার ফ্ল্যাটে। অভিযোগ, পালানোর সময় রৌশনের নিয়োগকর্তার দু’চাকায় করে তারা বেরোয়।
রেণুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কুকটপল্লী থানায় খুনের মামলা রুজু হয়েছে। পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ, ফরেন্সিক প্রমাণ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করছে।