ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তকে ধরতে চলছে তল্লাশি।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 November 2025 20:26
দ্য ওয়াল ব্যুরো: ওড়িশায় ফের ঘটল নারকীয় গণধর্ষণের ঘটনা (Odisha Rape Case)। অফিস থেকে বাড়ি ফেরার পথে এক তরুণীকে চোখে-মুখে স্প্রে ছুড়ে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে সুবর্ণপুর জেলায়। ঘটনায় ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ, আরেকজনকে ধরতে চলছে তল্লাশি অভিযান।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ওই তরুণী অফিস থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তা ফাঁকা ছিল, সেই সময় তিনজন দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড়ায়। নির্যাতিতার অভিযোগ, তিনজনের মুখই কাপড়ে ঢাকা ছিল। আচমকা তাঁরা চোখে ও মুখে কিছু একপ্রকার স্প্রে ছুড়ে মারে। এতে তরুণী প্রায় জ্ঞান হারান। এরপর তাঁকে রাস্তার ধারে এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়।
অভিযুক্তরা ধর্ষণের পর অচৈতন্য অবস্থায় তরুণীকে রাস্তায় ফেলেই পালিয়ে যায়। পরে জ্ঞান ফিরলে তিনি কোনওরকমে বাড়ি পৌঁছে পরিবারের সদস্যদের সব কিছু জানান। পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “অভিযুক্তরা পরিকল্পনা করে তরুণীর মুখে স্প্রে ব্যবহার করে তাঁকে অজ্ঞান করে দেয়। সেই সুযোগেই জঘন্য অপরাধটি ঘটানো হয়।” পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তকে ধরতে চলছে তল্লাশি।
স্থানীয় মানুষজন এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, রাজ্যে একের পর এক যৌন নির্যাতনের ঘটনা ঘটলেও নিরাপত্তা (Women safety in India) জোরদার হচ্ছে না। কয়েকদিন আগেই ময়ূরভঞ্জ জেলায় দুই কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। তার পর ফের এই ঘটনার ফলে প্রশ্ন উঠছে, ওড়িশায় নারীর নিরাপত্তা কোথায়?
একের পর এক ঘটনার পর রাজ্যে তৈরি হয়েছে প্রবল চাঞ্চল্য ও উদ্বেগ। রাজনৈতিক মহলেও প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে। এই ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছে তারা।