আদালত অভিযুক্ত যুবককেও সতর্ক করে দিয়েছে যে তিনি যেন কখনওই স্ত্রী ও সন্তানকে কখনও অবহেলা না করেন এবং মর্যাদা ও দায়িত্ব নিয়ে একসঙ্গে জীবন কাটান।

ফাইল ছবি
শেষ আপডেট: 1 November 2025 22:39
দ্য ওয়াল ব্যুরো: ভালবাসার সম্পর্ক অপরাধ নয়, সম্প্রতি এক মামলায় এমনই মানবিক বার্তা দিল দেশের সর্বোচ্চ আদালত। এক নাবালিকার সঙ্গে সম্পর্ক গড়ে পরে তাকে বিয়ে করা এক ব্যক্তির বিরুদ্ধে চলা শিশু সুরক্ষা আইন (POCSO Act)-এর মামলা বাতিল করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত জানায়, এই সম্পর্ক “লালসা নয়, ভালোবাসার ফল”, তাই কঠোর আইনের প্রয়োগ নয়, সহানুভূতি ও বাস্তবতার ভারসাম্যই ন্যায়বিচারের পথ।
ঘটনাটি অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh)। ওই ব্যক্তি এক নাবালিকা মেয়ের সঙ্গে সম্পর্ক গড়েছিলেন, তখন তাঁরও বয়স কম ছিল। পরে দু’জনেই প্রাপ্তবয়স্ক হন এবং বিয়ে করেন। বর্তমানে তাঁদের এক বছরের একটি সন্তান আছে। আদালতে গিয়ে স্ত্রী নিজেই জানান, তিনি এখন সুখে সংসার করছেন এবং তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা চলুক, তা চাইছেন না। এমনকি মেয়েটির বাবাও আদালতের কাছে মামলাটি শেষ করার আবেদন জানান।
বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এ.জি. মসিহের বেঞ্চ বলেন, “এই সম্পর্ক লালসা বা খারাপ উদ্দেশে নয়, ভালবাসা থেকেই হয়েছিল।” তাঁরা আরও বলেন, "অপরাধ সমাজের বিরুদ্ধে হলেও, আইন প্রয়োগের সময় বাস্তবতা ও মানবিক দিকও বিবেচনা করতে হয়। যদি অভিযুক্তকে অপরাধী হিসেবে দোষী ধরা হয়, তবে তা শুধু তাঁর একার নয়, তাঁর স্ত্রী ও সন্তানের জীবনেও খারাপ প্রভাব ফেলবে।"
এর পাশাপাশি আদালত অভিযুক্ত যুবককেও সতর্ক করে দিয়েছে যে তিনি যেন কখনওই স্ত্রী ও সন্তানকে কখনও অবহেলা না করেন এবং মর্যাদা ও দায়িত্ব নিয়ে একসঙ্গে জীবন কাটান। যদি ভবিষ্যতে কখনও নিজের দায়িত্ব থেকে পিছপা হন সেক্ষেত্রে পরিণতি যে খুব একটা ভাল হবে না, সেই বিষয়েও সতর্ক করে দিয়েছে শীর্ষ আদালত।
সবশেষে আদালত জানায়, এই রায় একান্ত বিশেষ পরিস্থিতিতে দেওয়া হয়েছে এবং এটিকে অন্য মামলার দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করা যাবে না।