প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিড়ের চাপে হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হয়, এরপরই মন্দির চত্বরে পদপিষ্টের ঘটনা ঘটে (Andhra temple stampede tragedy)। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 1 November 2025 19:18
দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম জেলার কাশিবুগ্গা এলাকার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় রাজ্যজুড়ে শোকের ছায়া। শনিবার কার্তিক একাদশীর অনুষ্ঠানে বিপুল ভিড়ের মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন, আহত হয়েছেন আরও অনেকে (Andhra temple stampede tragedy)। মর্মান্তিক এই ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু।
এই দুর্ঘটনার দায় কার্যত মন্দির কর্তৃপক্ষের ঘাড়েই ফেলেছেন মুখ্যমন্ত্রী (Chandrababu Naidu)। তিনি জানিয়েছেন, মন্দিরটি একটি ব্যক্তিগত উদ্যোগে নির্মিত। স্থানীয় প্রশাসন বা পুলিশের কাছে এই অনুষ্ঠানের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। তাঁর দাবি, 'অত্যন্ত দুঃখজনক যে এতজন নিরীহ মানুষের প্রাণ গেল। যদি আয়োজকরা আগে জানাতেন, তাহলে আমরা নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে পারতাম। কিন্তু সেই সমন্বয়ের অভাবেই আজ এই দুর্ঘটনা ঘটেছে।'
এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যাঁরা দায়িত্বে গাফিলতি করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়েছেন চন্দ্রবাবু নায়ডু। তাঁর কথায়, 'সরকারের লক্ষ্য মানুষের প্রাণ বাঁচানো। কিন্তু দুর্ভাগ্যবশত বেসরকারি আয়োজনে এমন ঘটনা ঘটে যাচ্ছে (Andhra temple stampede tragedy)। পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না।'
এদিন মুখ্যমন্ত্রীর দফতর থেকে জারি করা বিবৃতিতে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। আহতদের প্রয়োজনীয় সবরকম চিকিৎসার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজে তদারকির নির্দেশ দেন তিনি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিড়ের চাপে হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হয়, এরপরই মন্দির চত্বরে পদপিষ্টের ঘটনা ঘটে (Andhra temple stampede tragedy)। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে যান কৃষিমন্ত্রী কে. আচান্নাইডু এবং অতিরিক্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে মৃতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রাজ্য প্রশাসন জানায়, নিহতদের মরদেহ বিশেষ অ্যাম্বুলেন্সে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে।