গুরুগ্রামে লিফট নেওয়ার পর গাড়ির মধ্যেই তরুণীকে গণধর্ষণের অভিযোগ। ভোররাতে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলা হয় তাঁকে, ঘটনায় চাঞ্চল্য।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 31 December 2025 11:05
দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে লিফট নেওয়াই কাল হল। গুরুগ্রাম-ফরিদাবাদ রোডে (Gurgaon–Faridabad Road) চলন্ত ভ্যানে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। সারা শরীরে মারাত্মক আঘাত থাকায় অবস্থা সঙ্কটজনক। চিকিৎসকরা জানিয়েছেন, মুখে ১২টি সেলাই পড়েছে তাঁর।
সোমবার রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ ওই তরুণী এক বন্ধুর সঙ্গে দেখা করতে বেরোন। তার আগে মায়ের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়েছিল কোনও বিষয় নিয়ে। তিনি বোনকে জানিয়েছিলেন, দু’-তিন ঘণ্টার মধ্যেই ফিরে আসবেন। কিন্তু বেরোতে দেরি হয়ে যায় ফলে ফিরতেও দেরি হয়। বাড়ি ফেরার জন্য কোনও গাড়ি না পেয়ে শেষ পর্যন্ত একটি ভ্যানে লিফট নেন, ভ্যানে তখন দু’জন যুবক ছিল।
অভিযোগ, তাঁকে নির্দিষ্ট গন্তব্যের দিকে না নিয়ে গিয়ে ভ্যানটি গুরুগ্রাম-ফরিদাবাদ রোডের দিকে ঘুরিয়ে দেয় অভিযুক্তরা। কুয়াশা আর কনকনে ঠান্ডায় রাস্তা প্রায় ফাঁকা ছিল ফলে সেভাবে কাউকে সাহায্যের জন্য পাওয়া যায়নি।
পুলিশ জানাচ্ছে, রাস্তার ওই অংশে হনুমান মন্দির (Hanuman Temple) পেরোনোর পর নির্জন এলাকায় তাঁকে প্রায় তিন ঘণ্টা ধরে ভ্যানে আটকে রাখা হয়। সেখানেই দুই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ।
পরে ভোর প্রায় ৩টে নাগাদ, এসজিএম নগর (SGM Nagar) এলাকার রাজা চকের (Raja Chowk) কাছে মুলা হোটেল (Mula Hotel) সংলগ্ন রাস্তায় চলন্ত ভ্যান থেকে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। কোনওরকমে বোনকে ফোন করে ঘটনার কথা জানান তিনি। সঙ্গে সঙ্গে পরিবার তাঁকে ফরিদাবাদের (Faridabad) হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দিল্লির হাসপাতালে রেফার করা হলেও পরে শহরেরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন বাবা-মা।
পরিবারের অভিযোগের ভিত্তিতে কোতওয়ালি থানায় (Kotwali Police Station) মামলা রুজু হয়েছে। ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ (Faridabad Crime Branch) দু’জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।