
ফাইল ছবি।
শেষ আপডেট: 9 April 2025 23:52
দ্য ওয়াল ব্যুরো: বহু বাসে লেখা থাকে, মালের দায়িত্ব আরোহীর, কর্তৃপক্ষ দায়ী নহে! একটি দূরপাল্লার ট্রেনের এসি কোচ থেকে এক যাত্রীর মূল্যবান সামগ্রী চুরি যাওয়ার ঘটনায় বিচারপতির (Delhi High Court) নির্দেশও যেন তেমনই ইঙ্গিত দিল।
এই সংক্রান্ত একটি মামলায় দিল্লি হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিল, চলন্ত ট্রেন থেকে যাত্রীর কোন জিনিস (passenger goods) চুরি গেলে তার জন্য দায়ী থাকবে না রেল কর্তৃপক্ষ। বরং নিজের মালপত্র সম্পর্কে যাত্রীকেই সচেতন হতে হবে!
তবে ঘটনার তদন্তে সংশ্লিষ্ট রেলকর্মীর গাফিলতি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলেও জানিয়েছে আদালত।
বুধবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি রবিন্দর দুদেজার বেঞ্চ। রেল সূত্রে খবর, ২০১৩ সালের থার্ড এসি কামরায় দিল্লি থেকে নাগপুর যাচ্ছিলেন এক ব্যক্তি। পরে রেলের উপভোক্তা কমিশনে তিনি লিখিত অভিযোগে জানান যে তার সঙ্গে থাকা ব্যাকপ্যাকটি ট্রেন থেকে চুরি হয়ে গিয়েছে। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট কোচের দায়িত্বে থাকা রেল কর্মী ঘুমোচ্ছিলেন, তার ফলেই তার ব্যাকপ্যাক চুরি হয়।
দাবি করেন ওই ব্যাকপ্যাকের ভেতরে ল্যাপটপ, ক্যামেরা, চার্জার এবং চশমা ছিল। এজন্য ৮৪ হাজার টাকা এবং মানসিক হয়রানির জন্য রেলের কাছে আরও ১ লক্ষ টাকা দাবি করেন তিনি। যদিও উপভোক্তা কমিশন ওই ব্যক্তির অভিযোগ খারিজ করে দিয়েছিল। এবার দিল্লি হাইকোর্টও একই নির্দেশ দিল।