চলচ্চিত্র ও সিরিজ–প্রেমীদের কাছে রাইসিনের নাম অপরিচিত নয়। জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ব্রেকিং ব্যাড–এ রাইসিন মিশ্রিত সিগারেটের মাধ্যমে খুনের চেষ্টা দেখানো হয়েছিল।

ধৃত চিকিৎসক
শেষ আপডেট: 10 November 2025 20:29
দ্য ওয়াল ব্যুরো: গুজরাট পুলিশ–এর (Gujarat Police) অ্যান্টি টেররিজম স্কোয়াড (ATS) সন্ত্রাস যোগ সন্দেহে গ্রেফতার করা এক হায়দরাবাদি চিকিৎসকের (Hyderabad Doctor) কাছ থেকে চার কিলোগ্রাম রাইসিন (Ricin) তৈরির উপাদান উদ্ধার করেছে। গুজরাট এটিএস-এর আশঙ্কা, ওই চিকিৎসক মারাত্মক বিষ ‘রাইসিন’ নিষ্কাশনের উদ্দেশ্যেই ক্যাস্টর–বিন মেশ সংগ্রহ করেছিলেন।
গত ৭ নভেম্বর গ্রেফতার হন অভিযুক্ত চিকিৎসক আহমেদ মহিউদ্দিন সৈয়দ। তদন্তকারীরা জানিয়েছেন, তিনি দিল্লি (Delhi) ও আমদাবাদের (Ahmedabad) জনবহুল বাজার, বিশেষ করে খাবার মার্কেট এলাকায় নাশকতার পরিকল্পনা করেছিলেন।
কী এই রাইসিন বা রিসিন?
রাইসিন বা রিসিন এমন এক বিষ, যা বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী জৈব রাসায়নিক হিসেবে পরিচিত। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (CDC) এটিকে ‘গ্রেড বি বায়োলজিক্যাল উইপন এজেন্ট’ (Grade B Biological Weapon) হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। একইসঙ্গে, ‘কেমিক্যাল উইপনস কনভেনশন’-এর অধীনে এটি ‘স্কেডিউল–ওয়ান’ অস্ত্র হিসেবেও চিহ্নিত।
চলচ্চিত্র ও সিরিজ–প্রেমীদের কাছে রাইসিনের নাম অপরিচিত নয়। জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ব্রেকিং ব্যাড–এ (Breaking Bad) রাইসিন মিশ্রিত সিগারেটের মাধ্যমে খুনের চেষ্টা দেখানো হয়েছিল।
বিজ্ঞানীরা বলছেন, রাইসিন বা রিসিন মূলত ক্যাস্টর বীজ থেকে তেল নিষ্কাশনের পর অবশিষ্ট থাকা উপজাত। ১৮৮৮ সালে জার্মান বিজ্ঞানী পিটার হারম্যান স্টিলমার্ক প্রথম রাইসিনকে আলাদা করেন। এর বিষ এতই প্রবল যে স্তন্যপায়ী প্রাণীর কোষে প্রোটিন উৎপাদন বন্ধ করে কোষের মৃত্যু ঘটায়।
এটি শরীরে ঢুকলে শ্বাসযন্ত্র, পাকস্থলী ও লিভার–কিডনিতে মারাত্মক প্রভাব ফেলে। শ্বাসের সঙ্গে শরীরে গেলে কয়েক ঘণ্টার মধ্যেই জ্বর, কাশি, বুকে চাপ, বমি বমি ভাব ও শ্বাসকষ্ট শুরু হয়। ফুসফুসে জল জমতে পারে, রক্তচাপ নেমে যেতে পারে, এবং চিকিৎসা না হলে মৃত্যু ঘটতে পারে। খেলে বা পান করলে শুরু হয় প্রবল বমি, ডায়রিয়া, রক্তক্ষরণ ও অঙ্গ বিকল।
সিডিসি জানিয়েছে, রাইসিনের কোনও নির্দিষ্ট প্রতিষেধক নেই। তাদের পরামর্শ - সবচেয়ে জরুরি হল রাইসিনের সংস্পর্শ এড়িয়ে চলা। যদি কোনওভাবে সংস্পর্শ ঘটে, যত দ্রুত সম্ভব শরীর থেকে তা দূর করতে হবে।
রাইসিনের ইতিহাসও রক্তাক্ত। ১৯৭৮ সালে লন্ডনে বুলগেরিয়ান লেখক ও সরকারবিরোধী কর্মী জর্জি মার্কভকে রাইসিন–ভর্তি ছাতার আঘাতে হত্যা করা হয়। ২০১৪ সালে আমেরিকার মিসিসিপির বাসিন্দা জেমস ডুচকে রাইসিন মেশানো চিঠি পাঠানোর অপরাধে ২৫ বছরের কারাদণ্ড পান। পরবর্তী বছরগুলিতেও রাইসিন ব্যবহারের একাধিক ষড়যন্ত্র ধরা পড়েছে, যার মধ্যে অন্যতম ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষ চিঠি পাঠানোর চেষ্টা।
গুজরাট এটিএস–এর আধিকারিকদের মতে, “এই বিষ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর জৈব অস্ত্র। ধৃত চিকিৎসকের কাছ থেকে পাওয়া উপাদানগুলি বড় কোনও ষড়যন্ত্রের অংশ হতে পারে।” তদন্ত চলছে রাইসিন–চক্রের আন্তর্জাতিক যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখার জন্য।