বিস্ফোরণের পর রাজধানীজুড়ে হাই অ্যালার্ট (High Alert in Delhi) জারি করা হয়েছে। জঙ্গি নাশকতার সন্দেহ ছিলই, তারপর গ্রেফতারি এবং কয়েক ঘণ্টার মধ্যেই এই ভয়াবহ বিস্ফোরণ- সব মিলিয়ে দিল্লিবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

দিল্লিতে বিস্ফোরণ
শেষ আপডেট: 10 November 2025 20:05
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ (Delhi Blast)। সোমবার সন্ধ্যায় হঠাৎ লালকেল্লায় মেট্রো স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এই ঘটনার জেরে আশেপাশের একাধিক গাড়িতে আগুন লেগে গেছে বলে খবর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনা নাকি নেপথ্যে রয়েছে কোনও জঙ্গি নাশকতার ছক, উঠছে প্রশ্ন।
দিল্লি ফায়ার (New Delhi) সার্ভিস সূত্রে খবর, সন্ধ্যা প্রায় ৬টা ৫৫ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয় সাতটি দমকল ইঞ্জিন এবং ১৫টি ক্যাট অ্যাম্বুল্যান্স। দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।
বিস্ফোরণের পর রাজধানীজুড়ে হাই অ্যালার্ট (High Alert in Delhi) জারি করা হয়েছে। জঙ্গি নাশকতার সন্দেহ ছিলই, তারপর গ্রেফতারি এবং কয়েক ঘণ্টার মধ্যেই এই ভয়াবহ বিস্ফোরণ- সব মিলিয়ে দিল্লিবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। দিল্লির লাল কেল্লা এলাকা এমনিতেই ঘিঞ্জি, বিকেলের এই সময় মানুষের ভিড় লেগেই থাকে, মেট্রো স্টেশনেও যাত্রীদের যাতায়াত ছিল। এমন সময় এক ভয়াবহ বিস্ফোরণ, এর নেপথ্যে কি কোনও ষড়যন্ত্র থাকতে পারে, পুরো বিষয়টাই খতিয়ে দেখবে গোয়েন্দাদের দল।
রাজধানীর (New Delhi) নাকের ডগায় বিপুল বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়েছেন দুই চিকিৎসক (Doctors)। এছাড়াও এক মহিলা চিকিৎসককে খুঁজছিল পুলিশ। তাঁকেও গ্রেফতার (Arrest) করা হয়েছে। তাঁর নাম শাহিন বলে জানা গেছে। জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য আসে। তবে প্রথমে জানা গেছিল ৩৬০ কিলো বিস্ফোরক উদ্ধার হয়েছে। কিন্তু আপাতত তথ্য মিলেছে ২ হাজার ৯০০ কিলো বিস্ফোরকের (Explosives) সন্ধান পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
জম্মু ও কাশ্মীরে (Jammu Kashmir) ধৃত কয়েকজন সন্দেহভাজনের জেরা থেকে পাওয়া সূত্র ধরে পুলিশ এই অভিযানে নামে। ফরিদাবাদের আল ফালাহ মেডিক্যাল কলেজের শিক্ষক ও চিকিৎসক ডা. মুজাম্মিল শাকিলের ভাড়া করা বাড়ি থেকেই উদ্ধার হয় প্রায় ৩৫০ কিলোগ্রাম বিস্ফোরক। জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে তিনি ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১৪ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট (ওজন প্রায় ১০০ কিলোগ্রাম), একটি একে-৪৭ রাইফেল, ৮৪ রাউন্ড গুলি, কয়েকটি টাইমার, ৫ লিটার রাসায়নিক দ্রবণ, ৪৮টি সম্ভাব্য আইইডি তৈরির উপকরণ এবং একাধিক ব্যাটারি ও তারের বান্ডিল। এছাড়াও একটি মহিলা চিকিৎসকের মারুতি সুইফট ডিজায়ার গাড়ি বাজেয়াপ্ত হয়েছে, যেখান থেকে রাইফেলটি উদ্ধার হয়।
তদন্তে উঠে এসেছে, এই অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (JeM) এবং আনসার গজওয়াত-উল-হিন্দের এক আন্তঃরাজ্য চক্রের অংশ।