ঘটনাটি সামনে আসে একটি ভিডিওর মাধ্যমে, যা ইতিমধ্যে ভাইরাল। ভিডিওয় দেখা গিয়েছে, মধ্যরাতে গ্রামে হঠাৎ তিন যুবককে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সম্প্রতি ‘ড্রোন চোর’ নিয়ে যে গুজব ছড়িয়েছে তাতে আতঙ্কিত গ্রামবাসীরা রীতিমতো রাত জেগে পাহারা দিচ্ছেন।

সংগৃহীত ছবি
শেষ আপডেট: 29 July 2025 13:42
দ্য ওয়াল ব্যুরো: রাত গভীর। সবাই যখন ঘুমিয়ে, ঠিক তখনই চুপিচুপি গ্রামে ঢুকেছিলেন তিন যুবক। উদ্দেশ্য ছিল প্রেমিকার সঙ্গে গোপনে দেখা করা। কিন্তু ভাগ্য সহায় হয়নি। উত্তরপ্রদেশের হাপুর জেলার এক গ্রামে ঢুকতেই ‘ড্রোন চোর’ সন্দেহে গ্রামের মানুষ তাঁদের ঘিরে ফেলেন। দু’জন কোনওমতে পালিয়ে গেলেও ধরা পড়ে যান একজন। এরপরই শুরু হয় গণপিটুনি।
ঘটনাটি সামনে আসে একটি ভিডিওর মাধ্যমে, যা ইতিমধ্যে ভাইরাল। ভিডিওয় দেখা গিয়েছে, মধ্যরাতে গ্রামে হঠাৎ তিন যুবককে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সম্প্রতি ‘ড্রোন চোর’ নিয়ে যে গুজব ছড়িয়েছে তাতে আতঙ্কিত গ্রামবাসীরা রীতিমতো রাত জেগে পাহারা দিচ্ছেন। তাঁদের বিশ্বাস, চোরেরা ড্রোন উড়িয়ে বাড়ি চিহ্নিত করে, তারপর সেখানে হামলা চালায়। যদিও পুলিশ স্পষ্ট জানিয়েছে, এমন কোনও ঘটনার প্রমাণ মেলেনি।
তবু আতঙ্ক তুঙ্গে। তাই রাত দু’টোয় তিন অচেনা যুবককে ঘোরাঘুরি করতে দেখে আর দেরি করেননি গ্রামবাসীরা। সোজা ঘিরে ধরে প্রথমে জিজ্ঞাসাবাদ। প্রেমিক যুবক মনের কথা বলতে না পারায় সন্দেহ আরও বাড়ে। এরপর শুরু হয় মারধর।
স্থানীয় পুলিশ আধিকারিক, সার্কেল অফিসার অনিতা চৌহান জানিয়েছেন, ভিডিও-সহ পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা মারধর করেছেন এবং কেন, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর, নতুন করে প্রশ্ন উঠেছে এমন ‘গুজব-আতঙ্ক’-কে ঘিরে। উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলে। পুলিশ সূত্রে খবর, মার খাওয়া যুবকের আঘাত গুরুতর নয়। তাঁকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয়দেরও সতর্ক করেছেন প্রশাসনিক আধিকারিকরা। কোনও প্রমাণ ছাড়া কাউকে ‘ড্রোন চোর’ বা অন্য কোনও অভিযোগে গণপিটুনি দেওয়া গুরুতর অপরাধ বলেই মনে করছেন তাঁরা। গ্রামে নজরদারি চলবে ঠিকই, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না বলেই হুঁশিয়ারি পুলিশের।