পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সফিকুল নুর ইসলাম। এলাকায় তাঁকে সবাই বাবু নামেই ডাকতেন। গতকাল বিকেলে দাদা শেখ নাফিজ আহমেদ ওরফে বাচ্চুর বাড়ির সামনে চিৎকার করছিলেন তিনি।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 28 July 2025 17:31
দ্য ওয়াল ব্যুরো: খুড়তুতো ভাইয়ের হাতেই খুন যুবক। রবিবার রাতে নিউটাউনের হাতিয়ারা পশ্চিমপাড়ায় সামান্য কথা কাটাকাটি থেকে পরিস্থিতি নৃশংস মোড় নেয় (Newtown Murder)। ইকোপার্ক থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সফিকুল নুর ইসলাম। এলাকায় তাঁকে সবাই বাবু নামেই ডাকতেন। গতকাল রাতে দাদা শেখ নাফিজ আহমেদ ওরফে বাচ্চুর বাড়ির সামনে চিৎকার করছিলেন তিনি। অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন। সেইসময় বাচ্চু ঘর থেকে বেরিয়ে ভাইকে ঝামেলা করতে বারণ করেন। তাতেই শুরু হয় বচসা।
স্থানীয় বাসিন্দারা জানান, কথার মাঝেই দুজনের মধ্যে হাতাহাতিও হয়। এরপরও হঠাৎ পকেট থেকে ছুরি বের করে দাদাকে কোপাতে শুরু করে বাবু। স্থানীয়রাই তাঁকে আটকে রেখে থানায় খবর দেয়। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়।
শেখ নাফিজ আহমেদকে রক্তাক্ত অবস্থায় বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাচ্চুর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ইকোপার্ক থানার পুলিশ (Ecopark Policce Station) ঘটনাস্থল-সহ আশেপাশের জায়গা ঘিরে দিয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত পুরনো বিবাদ থেকেই এই ঘটনা ঘটতে পারে। কারণ আগেও ওই দুই ভাইয়ের মধ্যে নানা কারণে ঝামেলা হত বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
স্থানীয়দের আরও দাবি, অভিযুক্ত বাবু প্রায়ই ছুরি নিয়ে ঘুরতেন। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এমন হিংসাত্মক ঘটনা ঘটল, তা জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা।