কলকাতা মুশায়রায় প্রধান অতিথি করে আমন্ত্রণ জানানোর কথা ঠিক করেছে। আর তাতেই চটেছে দুটি মুসলিম গোষ্ঠী। তাদের দাবি, জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানো চলবে না। আমন্ত্রণবার্তা প্রত্যাহার করে নিতে হবে।

আগামী ১ সেপ্টেম্বর উর্দু অ্যাকাডেমির ব্যবস্থাপনায় কলকাতায় একটি মুশায়রা হতে চলেছে।
শেষ আপডেট: 27 August 2025 15:49
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি বিশ্বখ্যাত কবি-গীতিকার জাভেদ আখতারকে আমন্ত্রণ জানিয়ে ফাঁপরে পড়েছে। কলকাতা মুশায়রায় প্রধান অতিথি করে আমন্ত্রণ জানানোর কথা ঠিক করেছে। আর তাতেই চটেছে দুটি মুসলিম গোষ্ঠী। তাদের দাবি, জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানো চলবে না। আমন্ত্রণবার্তা প্রত্যাহার করে নিতে হবে।
কট্টরপন্থী দুটি ইসলামি সংগঠনের এই হুমকিতে গোটা অনুষ্ঠানটি নিয়ে গলাজলে পড়েছে পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি। আসন্ন মুশায়রায় (উর্দু কবি সম্মেলন) প্রখ্যাত উর্দু কবি, গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে কমিটির তরফে। জমিয়ত উলেমা-ই-হিন্দের কলকাতা শাখা এই সিদ্ধান্তের কড়া আপত্তি জানিয়েছে।
জমিয়ত উলেমা-ই-হিন্দের তরফে অ্যাকাডেমির কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, আমন্ত্রণপত্র প্রত্যাহার করতেই হবে। কারণ জাভেদ আখতার ক্রমাগত মুসলিম ধর্ম ও আল্লা বিরোধী কথা বলে থাকেন। এই প্রসঙ্গে সংগঠনটি অতীতে বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের উদাহরণ টেনে এনেছে। শুধু তাই নয়, জাভেদ এলে বিক্ষোভ দেখানোর হুমকি দিয়ে রেখেছে।
জমিয়তের তরফে আরও বলা হয়েছে, দেশে আরও অনেক ভাল কবি রয়েছেন। উর্দু ভাষা-জগতে লেখক ও সাংবাদিক রয়েছেন, যাঁদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি করা যেতে পারত। কিন্তু তা না করে জাভেদ আখতারের মতো একজন কবিকে, যিনি মুসলিম ধর্ম ও আল্লা বিরোধী কথাবার্তা বলে থাকেন, তাঁকে ডেকে আনতে চাওয়া উচিত কাজ হয়নি।
জমিয়তের পাশাপাশি কলকাতার আরেক ইসলামি দাতব্য সংস্থা ওয়াহিয়াহিঁ ফাউন্ডেশনও উর্দু অ্যাকাডেমির এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। গত ২৫ অগস্ট লেখা একটি চিঠিতে জমিয়ত জানিয়েছে, দেশে অনেক সম্মানীয় ব্যক্তি রয়েছেন যাঁরা ধর্মবিশ্বাসী ও আল্লার উপর শ্রদ্ধাশীল। তাঁদের এই অনুষ্ঠানে ডাকা হোক। এর আগে তসলিমা নাসরিনকে নিয়ে কলকাতায় কী কাণ্ড ঘটেছিল সেকথাও স্মরণ করিয়ে দিয়েছে এই সংগঠন। যদি আমাদের লোকের অনুরোধ না রাখা হয়, তাহলে ধর্মদ্রোহী তসলিমার মতো বিক্ষোভ আন্দোলন হবে। তাঁকে যেভাবে বাংলা থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। হিন্দি সংবাদ মাধ্যম লাল্লনটপকে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে এই সংবাদ জানিয়েছে।
জমিয়তের পশ্চিমবঙ্গ শাখার প্রেসিডেন্ট হজরত মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরি আরও লিখেছেন, এমন দায়িত্বশীল ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হোক যাতে উর্দু অ্যাকাডেমির এই ভাষার সাহিত্য ও লেখকদের তুলে ধরার উদ্দেশ্য সফল হবে। এখানে আল্লার নামে ঘৃণা ছড়ানোর চেষ্টা মেনে নেব না আমরা। আমরা আশা করি আপনারা আমাদের উদ্বেগ ও অনুরোধকে মূল্য দেবেন।
ওয়াহিয়াহিঁ ফাউন্ডেশন জমিয়েতের সুরেই বলেছে, আগামী ১ সেপ্টেম্বর উর্দু অ্যাকাডেমির ব্যবস্থাপনায় কলকাতায় একটি মুশায়রা হতে চলেছে। আমরা জেনে আশ্চর্য হয়ে গিয়েছি যে, এই অনুষ্ঠানে জাভেদ আখতারকে প্রধান অতিথি করা হয়েছে। আশ্চর্যের অন্যতম কারণ হল এই অ্যাকাডেমি মুসলিমদের জন্য এবং অধিকাংশই মুসলিম ধর্মাবলম্বী। একটি সাংবাদিক সম্মেলনে একথা বলেন, সংগঠনের তরফে মুফতি শামাইল নাদভি। যিনি খোলাখুলি আল্লার বিরুদ্ধ কথা বলেন, তাঁকে কী করে আমন্ত্রণ জানানো হল, প্রশ্ন তুলেছেন তিনি। ইনি মুসলিম যুবমনে আল্লা বিরোধী প্রভাব প্রচার করতে চান। আমরা অ্যাকাডেমিকে অনুরোধ জানিয়েছি, এখন ওরা কী করবে তারা ওরাই ঠিক করুক। এখনও পর্যন্ত জাভেদ আখতার বা উর্দু অ্যাকাডেমির তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি লাল্লনটপকে।