পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মলহোত্রাকে নিয়ে নিত্যনতুন একাধিক তথ্য উঠে আসছে।

লাহোরের বাজারে ঘুরছেন জ্যোতি মলহোত্রা - ছবি ভিডিও থেকে নেওয়া
শেষ আপডেট: 26 May 2025 11:48
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের হয়ে চরবৃত্তির (Pakistan Spy) অভিযোগে গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মলহোত্রাকে (Jyoti Malhotra) নিয়ে নিত্যনতুন একাধিক তথ্য উঠে আসছে। এবার জানা গেল, পাকিস্তানে তাঁর জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা ছিল! এক স্কটিশ ইউটিউবার (Scottish Youtuber) সম্প্রতি এই দাবি করেছেন। জানিয়েছেন, পাকিস্তানে ঘুরতে গিয়ে জ্যোতির সঙ্গে দেখা হয়েছিল তাঁর। সেই সময়ে তিনি দেখেছিলেন, অন্তত ৬ জন বন্দুকধারী জ্যোতিকে গার্ড দিচ্ছেন।
কলাম মিলি (Callum Mili) নামের স্কটিশ ওই ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় তাঁর পাকিস্তান ভ্রমণের ভিডিও ছেড়েছেন। তিনি জানিয়েছেন, ভারতীয় ইউটিউবার জ্যোতির সঙ্গে তাঁর লাহোরের আনারকালি মার্কেটে (Lahore Anarkali Market) দেখা হয়েছিল। দাবি, সেই সময়ে তিনি একাধিক লোককে দেখেছিলেন বন্দুক নিয়ে জ্যোতিকে গার্ড দিতে। বিষয়টিতে অবাকই হয়েছিলেন কলাম। কেন একজন ইউটিউবারকে এভাবে সুরক্ষা দেওয়া হচ্ছে, তা বোধগম্য হয়নি তাঁর।
গত মার্চ মাসে পাকিস্তানে গেছিলেন কলাম। ইউটিউবে তাঁর 'কলাম অ্যাব্রোড' বলে একটি চ্যানেল রয়েছে। সেখানেই তার ভিডিও শেয়ার করেছেন তিনি। তাতেই জ্যোতির সঙ্গে ওই নিরাপত্তাবাহিনীকে দেখা যাচ্ছে। কলাম জানিয়েছেন, ''আনারকালি মার্কেটে যখন গেছিলাম তখন দেখেছিলাম অন্তত ৬ জন একে-৪৭ নিয়ে ঘুরছে! সেই সময়ই আমার সঙ্গে এক মহিলা ইউটিউবারের দেখা হয়েছিল। তাঁর সঙ্গে আলাপের পর বুঝলাম ওই অস্ত্রধারী লোকগুলো তাঁকেই গার্ড দিচ্ছে! আমি বুঝতে পারিনি কেন হঠাৎ তাঁকে এভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে।''
স্কটিশ ওই ইউটিউবার জানিয়েছেন, জ্যোতিকে গার্ড দেওয়া ওই ব্যক্তিদের গায়ে 'নো ফিয়ার' লেখা জ্যাকেট ছিল। আর ভারতীয় ইউটিউবারের সঙ্গে তাঁর কিছুক্ষণ কথাও হয়। জ্যোতি জানতে চান তিনি প্রথমবার পাকিস্তানে এসেছেন কিনা। উত্তরে কলাম জানিয়েছিলেন, তিনি ৫ বার পাকিস্তানে এসেছেন। পাশাপাশি কথোপকথনে জ্যোতি তাঁকে জানিয়েছিলেন, পাকিস্তানের আথিতেয়তায় তিনি মুগ্ধ।
স্বাভাবিকভাবেই এই ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠেছে, কেন স্কটিশ ওই ইউটিউবার একা একা ঘুরছিলেন আর জ্যোতির সঙ্গে বন্দুকধারীরা ছিল। ওরা আদতে কারা, পুলিশের লোক নাকি জঙ্গি, তাও স্পষ্ট নয়। তবে গোয়েন্দারা মনে করছেন, এই ব্যবস্থা দানিশই জ্যোতির জন্য করে দিয়েছিলেন। তাঁকে সে দেশে সুরক্ষা দিচ্ছিল আইএসআই। কারণ, পাক হাই কমিশনের আধিকারিক দানিশ যে একজন আইএসআই এজেন্ট ছিলেন সে তথ্য পেয়েছেন গোয়েন্দারা। আর জ্যোতি তাঁর সাহায্যেই পাকিস্তানে গেছিলেন। একবার নয়, দুবার।