বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত টপকে এক ব্যক্তিকে তাঁরা আসতে দেখেন।

ফাইল ছবি
শেষ আপডেট: 24 May 2025 15:55
দ্য ওয়াল ব্যুরো: ভারতে অনুপ্রবেশের (Intruder) চেষ্টা করছিল এক পাকিস্তানি (Pakistan)। তাকে গুলি করে খতম করল বিএসএফ (Gujarat BSF)। গুজরাতের বানসকন্ঠ জেলা-সীমান্তে এই ঘটনা ঘটেছে। সেই পাকিস্তানির পরিচয় জানার চেষ্টা করছে নিরাপত্তাবাহিনী।
বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত টপকে এক ব্যক্তিকে তাঁরা আসতে দেখেন। প্রথমে তাকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ফিরে যাননি। পরে গুলি করার হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কোনও ফারাক পড়েনি। ওই ব্যক্তি ক্রমশ এগিয়ে আসতে থাকতেন ভারতীয় সীমান্তের কাছাকাছি। তখনই তাকে গুলি করা হয়।
এই অনুপ্রবেশকারী আদতে পাকিস্তানের সাধারণ কোনও বাসিন্দা ছিলেন নাকি কোনও জঙ্গি সংগঠনের সদস্য, তা জানতে তদন্ত করছে বিএসএফ। তবে অনুমান করা হচ্ছে, যেভাবে ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত টপকে স্বাচ্ছন্দ্যে এগিয়ে আসছিল তাতে সে আম নাগরিক হতে পারে না। সন্দেহ, কোনও সন্ত্রাসবাদী সংগঠনেরই সদস্য হতে পারে ওই অনুপ্রবেশকারী। সেই কারণে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়িয়েছে বিএসএফ।
পহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযান করেছিল। তার পাল্টা পাকিস্তানও দেশের নানা প্রান্তে ড্রোন হামলা চালিয়েছিল। জম্মু-কাশ্মীর সহ রাজস্থান, গুজরাত, পাঞ্জাবের নানা এলাকায় হামলার চেষ্টা হয়েছিল। তাই স্বাভাবিকভাবেই ওই সীমান্ত এলাকায় অনুপ্রবেশের ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে নিরাপত্তাবাহিনীর কপালে।
এমনিতেই জম্মু-কাশ্মীরে লস্কর এবং জইশের একাধিক জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে বলে খবর। সাম্প্রতিক তল্লাশি অভিযানে কয়েকজনকে নিকেশ করেছে ভারতীয় সেনা। তবে পুলওয়ামা সহ সোপিয়ান, রাজৌরির মতো সেক্টরের ঘন জঙ্গল এলাকায় অভিযান বজায় রেখেছে তাঁরা। লুকিয়ে থাকা জঙ্গিদের কেউ কেউ নেপালে লুকিয়ে রয়েছে বলেও সন্দেহ। সেই প্রেক্ষিতে ভারত-নেপাল যৌথ অভিযানও সংগঠিত হয়েছে।