ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের মধ্যে একজনকে ধরে ফেলেন। ধৃত অতুল পাণ্ডে (৩০)-কে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

সিসিটিভিতে রেকর্ড হওয়া দৃশ্য
শেষ আপডেট: 30 August 2025 11:53
দ্য ওয়াল ব্যুরো: ভক্তদের দাবির জেরে ভয়াবহ পরিণতি। দিল্লির বিখ্যাত কালকাজি মন্দিরে মারধরে মৃত্যু হল এক সেবাইতের।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে মন্দিরে প্রসাদ নিয়ে শুরু হয় বচসা, যা পরে রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। একদল ভক্তের হাতে নির্মমভাবে আক্রান্ত হন সেবাইত যোগেন্দ্র সিং (৩৫)। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
ঘটনাটি শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ হয়। পুলিশের কাছে ফোন আসে মন্দিরে ঝামেলা হচ্ছে। পুলিশ পৌঁছনোর আগেই সব শেষ। তদন্তে জানা গিয়েছে, একদল ভক্ত ‘চুন্নি প্রসাদ’ দাবি করে বসেন দেবীর দর্শন সেরে। সেই নিয়ে শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যোগেন্দ্রবাবুকে মাটিতে ফেলে লাঠি দিয়ে বারবার আঘাত করা হয়। মন্দির চত্বরের সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে সেই ভয়াবহ ছবি। দেখা যাচ্ছে, অচৈতন্য হয়ে মাটিতে পড়ে আছেন তিনি, আর দু’জন যুবক লাগাতার আঘাত করে চলেছেন লাঠি দিয়ে।
আশঙ্কাজনক অবস্থায় যোগেন্দ্রবাবুকে তড়িঘড়ি পাঠানো হয় এমস ট্রমা সেন্টারে। কিন্তু চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। উত্তরপ্রদেশের হারদোই জেলার বাসিন্দা যোগেন্দ্রবাবু দীর্ঘ ১৫ বছর ধরে কালকাজি মন্দিরে সেবায় যুক্ত ছিলেন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের মধ্যে একজনকে ধরে ফেলেন। ধৃত অতুল পাণ্ডে (৩০)-কে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা চলছে।