ডিএইচ রোডের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁদের জামা-কাপড়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, লাথি মারছিলেন ব্যক্তি, এমন হবে বুঝতে পারেননি।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 6 July 2025 11:09
দ্য ওয়াল ব্যুরো: বেহালা সখেরবাজার সুপারমার্কেটের সামনে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তিন যুবক ও এক ব্যক্তির বিরুদ্ধে। সকাল ৭টা নাগাদ ঘটনাটি হয়। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বাপি হালদারকে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আটক মৃতের বন্ধু ও তাঁর বাবা।
পুলিশ জানিয়েছে, সখেরবাজারেরই বাসিন্দা বাপি হালদার তিন বন্ধুর সঙ্গে শনিবার রাতে বাড়ি থেকে বের হন। সারারাত মদ্যপান করেন। ভোরের দিকেও মদ্যপান করে আসেন সখেরবাজারে। সেখানে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। ডায়মন্ড হারবার রোডের উপর এক বন্ধুকে তিনজন মিলে মারধর করতে শুরু করেন। তিনি সম্ভবত তাঁর বাবাকে ফোন করে ডাকেন।
ব্যাক্তি এলাকায় পৌঁছে প্রতিশোধ নিতে বাপি হালদার-সহ তিনজনকে মারতে শুরু করেন। মারতে মারতে নিয়ে যান সুপারমার্কেটের ভিতর। রবিবার হওয়ায় মার্কেটে তখন লোকজন ছিল। দোকান বাজার শুরু হয়ে গেছিল। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই বাপি পড়ে যান ও জ্ঞান হারান। তাঁকে তড়িঘড়ি বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ডিএইচ রোডের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁদের জামা-কাপড়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, লাথি মারছিলেন ব্যক্তি, এমন হবে বুঝতে পারেননি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতের বন্ধু ও তাঁর বাবাকে আটক করেছে। নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। যে জায়গায় এই ঘটনা হয়েছে, সেখানে ট্র্যাফিক পুলিশের অফিস রয়েছে, কিন্তু তারপরও এমন ঘটনা কেন কারও চোখে পড়ল না। প্রকাশ্যে এভাবে একজনকে পিটিয়ে খুন করা হল, তা কেউ দেখলই না, সেনিয়ে প্রশ্ন উঠছে।