সমকামী ডেটিং অ্যাপে পরিচয়। তারপর হোটেল রুমে দেখা। সেখানেই ঘটল বিপত্তি। ৫৭ বছরের চিকিৎসকের নগ্ন ছবি তুলে শুরু হল ব্ল্যাকমেল।

সমকামী ডেটিং অ্যাপে পরিচয়
শেষ আপডেট: 24 July 2025 20:24
দ্য ওয়াল ব্যুরো: সমকামী ডেটিং অ্যাপে পরিচয়। তারপর হোটেল রুমে দেখা। সেখানেই ঘটল বিপত্তি। ৫৭ বছরের চিকিৎসকের নগ্ন ছবি তুলে শুরু হল ব্ল্যাকমেল। শেষমেশ প্রাণনাশের হুমকিতে রাতারাতি গচ্ছিত টাকা দিয়ে নিস্তার মিলল বারাণসীর এক হোটেলে।
ঘটনাটি ঘটেছে গত রবিবার, বারাণসীর এক হোটেলে। অভিযোগ, এক পুরুষসঙ্গীর সঙ্গে সমকামী ডেটিং অ্যাপে আলাপ হয়েছিল ওই চিকিৎসকের। কথা বলতে বলতে তিনি নিজের ফোন নম্বর এবং হোটেলের ঠিকানা শেয়ার করেন। অনুরোধ করেন, সেই ব্যক্তি যেন কয়েক বোতল বিয়ার নিয়ে হোটেলে আসেন।
রাত দশটা নাগাদ সেই ব্যক্তি, নাম বিকাশ, হোটেলে পৌঁছন। সঙ্গে ছিল বিয়ার ও কিছু স্ন্যাকস। কিছুক্ষণ কাটানোর পর হঠাৎই তাঁর আচরণ পালটে যায়। চিকিৎসককে বলেন, "এই বয়সে এসব কাজ আপনাকে মানায় না। আপনি শিবনগরীতে এসেছেন, এসব করা ঠিক নয়।"
এর পরেই তিনি চিকিৎসকের নগ্ন ছবি তুলে ফেলেন, একাধিকবার চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়। বিকাশ একটি কাচের গ্লাস ভেঙে তা চিকিৎসকের দিকে তাক করে বলেন, যদি ৮ লক্ষ টাকা না দেওয়া হয়, তাহলে ছবি ছড়িয়ে দেবেন। বলেন, তাঁর রাজনৈতিক যোগাযোগ রয়েছে, এমনকি খুন করানোর মতো লোকও চেনেন।
চিকিৎসক আতঙ্কে পড়ে যান। অভিযোগ, সারা রাত ও পরদিন সকাল পর্যন্ত, একে একে UPI ও এটিএমের মাধ্যমে মোট ৮ লক্ষ টাকা তুলে দেন তিনি। পরে হোটেল থেকে পালিয়ে যান বিকাশ। বারাণসীর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ঈশান্ত সোনি জানিয়েছেন, অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৮ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।