উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান। নদীর জল পাহাড় থেকে ধেয়ে এসে নিমেষে ভাসিয়ে নিয়ে যায় ধরালী গ্রামের বিস্তীর্ণ অংশ।

উত্তরকাশীতে হড়পা বান
শেষ আপডেট: 5 August 2025 23:08
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান। নদীর জল পাহাড় থেকে ধেয়ে এসে নিমেষে ভাসিয়ে নিয়ে যায় ধরালী গ্রামের বিস্তীর্ণ অংশ। ইতিমধ্যেই চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ অন্তত ৫০ জন। তাঁদের মধ্যে রয়েছেন অন্তত ১১ জন জওয়ানও।
দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ ধরালী গ্রামে প্রথম মেঘভাঙা বৃষ্টি হয়। কিছু সময় পরেই একই ধরনের দুর্যোগ হয় নিকটবর্তী সুখী টপ এলাকায়। মেঘভাঙা বৃষ্টির তীব্রতায় ক্ষীরগঙ্গা নদীর উচ্চ অববাহিকা থেকে ধেয়ে আসে বিশাল জলরাশি। সেই জলেই গ্রাম ভেসে যায়। কাদা, পাথর আর জলের তোড়ে ভেঙে পড়ে একের পর এক বাড়ি। নদীতে তলিয়ে যায় বহু ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান।
উত্তরকাশীর জেলাশাসক জানান, “হঠাৎ খুব বেশি জল নেমে এসেছে। ওই এলাকায় প্রচুর গেস্ট হাউস ও হোটেল রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিশাল বাহিনী পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, “নেটওয়ার্ক সমস্যার কারণে এখনও পুরো তথ্য পাওয়া যাচ্ছে না। কয়েকটি মৃত্যুর খবর এসেছে, পাশাপাশি অনেক সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে।”
উদ্ধার কাজে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে SDRF ও NDRF-এর দল। ITBP-র তিনটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে।
ঘটনার তীব্রতায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স-এ (প্রাক্তন টুইটার) পোস্ট করে অমিত শাহ জানান, “ধরালীর হড়পা বান নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।”
জমি ধস, নদীর জলস্তর হঠাৎ বৃদ্ধি ও টানা প্রবল বৃষ্টির ফলে এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।