উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি ও মেঘভাঙায় ভয়াবহ পরিস্থিতি। ধসে ভেঙে পড়ল ঘরবাড়ি, অন্তত ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১১। সেনা ও উদ্ধারকারী বাহিনী কাজ শুরু করেছে।

উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি
শেষ আপডেট: 30 August 2025 07:50
দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টি ও মেঘভাঙার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হল উত্তরাখণ্ডে। শুক্রবার ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টি ও একাধিক মেঘভাঙার ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৬ জন। নিখোঁজ রয়েছেন ১১ জন। ধস নেমেছে একাধিক গ্রামে, ভেঙে পড়েছে ঘরবাড়ি।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে চামোলি, রুদ্রপ্রয়াগ, তেহরি এবং বাগেশ্বর জেলায়। প্রশাসন জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ আটকে গিয়েছিলেন। ইতিমধ্যে সেনা, NDRF, SDRF-সহ একাধিক উদ্ধারকারী বাহিনী কাজ শুরু করেছে।
বাগেশ্বর জেলার কপকোট এলাকার পাউসারি গ্রামে অতিরিক্ত বৃষ্টিতে ধসে ভেঙে পড়ে কয়েকটি বাড়ি। মারা গিয়েছেন বাসন্তী দেবী এবং বাচুলি দেবী। আহত হয়েছেন বাসন্তী দেবীর ছেলে পবন। তাঁর বাবা রমেশ চন্দ্র জোশী, এবং আরও দুই গ্রামবাসী গিরিশ ও পুরণ জোশী এখনও নিখোঁজ।
চামোলি জেলার মোপাটা গ্রামে বাড়ি ও গোয়ালঘর চাপা পড়ে মারা গেছেন ৬২ বছরের তারা সিং ও তাঁর স্ত্রী কামলা দেবী। অন্তত ২৫টি গবাদি পশুও নিখোঁজ।
রুদ্রপ্রয়াগ জেলার বাসুকেদার এলাকায় একাধিক গ্রামে মেঘভাঙার ঘটনায় ভয়াবহ ক্ষতি হয়েছে। জখোলি গ্রামে ধসে বাড়ি চাপা পড়ে মারা গেছেন সরিতা দেবী। চেনাগড় এলাকায় নিখোঁজ হয়েছেন আটজন, যাদের মধ্যে চারজনের নাম প্রকাশ করেছে প্রশাসন—সাতে সিং নেগি, কুলদীপ সিং নেগি, নীরজ ও রাজ।
এছাড়া, শুক্রবার বিন্দাল নদী থেকে উদ্ধার হয়েছে ১০ বছরের এক শিশুর মৃতদেহ।
প্রবল স্রোতের কারণে বহু গ্রামে রাস্তা ভেসে গিয়েছে। সেতু ভেঙে যাওয়ায় একাধিক গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ৭০ জন গ্রামবাসীকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে SDRF।
তেহরির বুধা কেদার এলাকায় একাধিক গ্রামে ধস নামায় গবাদি পশুর জন্য তৈরি শেড ও মন্দির ভেঙে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বালগঙ্গা, ধর্মগঙ্গা ও ভিলাঙ্গনা নদীর জলস্রোত বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামে গ্রামে।
চামোলি ও রুদ্রপ্রয়াগে বদ্রিনাথ জাতীয় সড়ক এবং কেদারনাথ হাইওয়ের একাধিক অংশ ধসে বন্ধ হয়ে গেছে। পুলিশ তীর্থযাত্রীদের সতর্ক করে জানিয়েছে, আবহাওয়া ও রাস্তার খবর নিয়ে তবেই যাত্রা শুরু করতে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বাগেশ্বর, চামোলি, দেরাদুন এবং রুদ্রপ্রয়াগ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে চম্পাওয়াত, হরিদ্বার, পিথোরাগড়, উদম সিং নগর এবং উত্তরকাশীর জন্য জারি হয়েছে কমলা সতর্কতা।