সিইও দফতরের সূত্রে খবর, কমিশনকে খুব শিগগিরই জানানো হবে যে রাজ্য প্রস্তুত রয়েছে। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে যাবতীয় বন্দোবস্ত সম্পূর্ণ করা হয়েছে।

জাতীয় নির্বাচন কমিশন (প্রতীকী ছবি)
শেষ আপডেট: 29 August 2025 20:01
দ্য ওয়াল ব্যুরো: নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া (ECI) দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের (CEO) কাছে জানতে চেয়েছিল, রাজ্যগুলি বিশেষ সার্ভিস রিভিউ (SIR) আয়োজনের জন্য কতটা প্রস্তুত। কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে এ বিষয়ে রিপোর্ট পাঠাতে হবে। তবে কোনও কারণে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দেওয়া সম্ভব না হলে রাতের মধ্যেই বা আগামীকাল সকালে সিইও দফতরকে তা জানাতে বলা হয়েছে।
সিইও দফতরের সূত্রে খবর, কমিশনকে খুব শিগগিরই জানানো হবে যে রাজ্য প্রস্তুত রয়েছে। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে যাবতীয় বন্দোবস্ত সম্পূর্ণ করা হয়েছে। ব্লক লেভেল অফিসার (BLO) থেকে শুরু করে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) কিংবা অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)—সব দিক থেকেই পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে।
সিইও দফতর সূত্রে আরও জানা গিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশনের জন্য বিএলও নিয়োগ ও তাঁদের প্রশিক্ষণের কাজ হয়ে গেছে। একই সঙ্গে জেলা ও মহকুমা পর্যায়ে ERO এবং AERO-দের প্রয়োজনীয় বার্তা দেওয়া হয়েছে। ফলে SIR কার্যকর হলে তাতে কোনও ধরনের সমস্যার আশঙ্কা নেই বলে মনে করছে দফতর।
সিইও দফতর সূত্রে আরও জানা গেছে, নিবিড় সংশোধনের কাজ শুরু করার জন্য জেলাস্তরে প্রশাসনিক কর্তাদেরও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিকদের বলা হয়েছে, ইআরও বা এইআরও-দের কেউ লগ-ইন আইডি ও পাসওয়ার্ড শেয়ার করলে তার দায়ও তাঁদের উপর বর্তাবে।
তবে অনেকে মনে করছেন, পুজোর আগে বাংলায় এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা কম। তা শুরু হতে পারে পুজোর পরই।