২০২৬–২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট আগামী ১ ফেব্রুয়ারি পেশ করা হতে পারে। দিনটি রবিবার হলেও সূচিতে বদল আনার সম্ভাবনা কম বলেই সূত্রের খবর।
.jpeg.webp)
নতুন বছর মানেই নতুন বাজেটের জন্য অধীর প্রতীক্ষা শুরু।
শেষ আপডেট: 2 January 2026 16:34
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর মানেই নতুন বাজেটের জন্য অধীর প্রতীক্ষা শুরু। ২০২৬–২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট আগামী ১ ফেব্রুয়ারি পেশ করা হতে পারে। দিনটি রবিবার হলেও সূচিতে বদল আনার সম্ভাবনা কম বলেই সূত্রের খবর। সংসদের বাজেট অধিবেশনের নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও বাজেট পেশের প্রস্তুতি ধরে নিয়েই এগচ্ছে সরকার। এ বছরও বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি হবে তাঁর টানা নবম কেন্দ্রীয় বাজেট এবং স্বাধীনতার পর দেশের ৮০-তম বাজেট। প্রতি বছরের মতোই ১ ফেব্রুয়ারিকেই লক্ষ্য ধরে বাজেট প্রস্তুতির কাজ চলছে। সাধারণত নতুন আর্থিক বছরের শুরু থেকে নীতিগুলি কার্যকর করার সুবিধার জন্যই এই দিনেই বাজেট পেশ করা হয়।
ছুটির দিনে বাজেট পেশ নতুন কিছু নয়। গত বছর ২০২৫ সালে শনিবার বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারামন। তার আগেও প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি ২০১৫ ও ২০১৬ সালে— দুটো ক্ষেত্রেই ২৮ ফেব্রুয়ারি, শনিবার বাজেট পেশ করেছিলেন। এবার সত্যিই যদি ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি বাজেট পেশ হয়, তা হলে ইতিহাসে নতুন নজির গড়বেন নির্মলা সীতারামন। সে ক্ষেত্রে তিনি হবেন টানা নয়টি বাজেট পেশ করা দেশের প্রথম অর্থমন্ত্রী। এতে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ডের সমতায় পৌঁছবেন। দেশাই দু’দফায় মোট ১০টি বাজেট পেশ করেছিলেন—১৯৫৯ থেকে ১৯৬৪ সালের মধ্যে ছ’টি এবং ১৯৬৭ থেকে ১৯৬৯ সালের মধ্যে আরও চারটি।
উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক সময়ের অন্য অর্থমন্ত্রীদের মধ্যে পি চিদম্বরম পেশ করেছিলেন মোট ৯টি বাজেট এবং প্রণব মুখোপাধ্যায় পেশ করেছিলেন ৮টি বাজেট। ২০১৯ সালে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর নির্মলা সীতারামন দেশের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০২৪ সালে মোদী সরকার টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরার পরও তিনি অর্থমন্ত্রকের দায়িত্বে রয়েছেন।
সংসদের বাজেট অধিবেশনের নির্দিষ্ট দিনক্ষণ নিয়ে এখনও সরকারি ঘোষণা আসেনি। তবে ২০১৭ সাল থেকে নিয়ম অনুযায়ী প্রতি বছর ১ ফেব্রুয়ারিতেই কেন্দ্রীয় বাজেট পেশ করা হচ্ছে, যাতে ১ এপ্রিল থেকে নতুন আর্থিক বছরের কাজ নির্বিঘ্নে শুরু করা যায়। যদি ২০২৬ সালে রবিবার, ১ ফেব্রুয়ারি বাজেট পেশ হয়, তা হলে ২০১৭ সালের পর এই প্রথম রবিবার বাজেট পেশের নজির তৈরি হবে। একই সঙ্গে টানা বাজেট পেশের সংখ্যায় মোরারজি দেশাইয়ের রেকর্ডের কাছাকাছি পৌঁছে যাবেন নির্মলা সীতারামন— একই প্রধানমন্ত্রীর অধীনে এবং ধারাবাহিক দুই সরকারের মেয়াদে এই কৃতিত্ব অর্জন করবেন তিনি।