ব্রিটেন থেকে প্রত্যর্পণের পর এখানেই আস্তানা হবে দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে বেড়ানো তিন অভিযুক্ত প্রতারকের। তাঁদের ভারতে ফিরিয়ে আনার ব্যাপারে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছে।

বিজয় মাল্য, নীরব মোদী। ফাইল ছবি।
শেষ আপডেট: 6 September 2025 14:19
দ্য ওয়াল ব্যুরো: পলাতক ভারতীয় ব্যবসায়ী বিজয় মাল্য, নীরব মোদী ও সঞ্জয় ভাণ্ডারীকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত তিহার জেল। ব্রিটেন থেকে প্রত্যর্পণের পর এখানেই আস্তানা হবে দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে বেড়ানো তিন অভিযুক্ত প্রতারকের। তাঁদের ভারতে ফিরিয়ে আনার ব্যাপারে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছে।
রাজনৈতিক মহলের অনুমান, এ বছর ও আগামী বছর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধানসভা ভোট রয়েছে। তার আগেই তিনজনকে গারদে ভরতে চাইছে সরকার। সে কারণে ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (CPS) একটি প্রতিনিধিদল দিল্লিতে এসে তিহার জেলের অপরাধীদের থাকার সুব্যবস্থা আছে কিনা তা দেখে গিয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, গত জুলাই মাসে ব্রিটেন থেকে পাঁচ সদস্যের একটি দল এসে তিহার জেল পরিদর্শন করে যায়। এই পরিদর্শনের কারণ হল, প্রত্যর্পণের আইন অনুযায়ী প্রতিনিধিদল ব্রিটিশ আদালতে একটি রিপোর্ট জমা দেবে। তাতে তিহার জেলে বন্দিদের রাখার নিরাপদ ও সুবন্দোবস্ত আছে কিনা, তার উল্লেখ থাকতে হবে। প্রসঙ্গত, এর আগে ব্রিটিশ আদালত তিহার জেলের দুরবস্থা দেখে ভারতের প্রত্যর্পণের আবেদন খারিজ করে দিয়েছিল।
ভারত সরকারের তরফে ব্রিটেনকে আশ্বস্ত করে বলা হয়েছে যে, তিহার জেলে জেরার নামে কোনও বন্দিকে মারধর করা হবে না। সূত্র জানিয়েছে, সিপিএস দল এসে তিহারের সবথেকে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মোড়া ওয়ার্ড পরিদর্শন করে। জেল কর্তৃপক্ষ প্রতিনিধিদের জানিয়েছে, প্রয়োজন পড়লে জেলের ভিতরেই একটি আলাদা কুঠুরি তৈরি করা হবে। যেখানে বিজয় মাল্য, নীরব মোদীদের মতো নামীদামি অভিযুক্তরা অতি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন।