পাক মদতপুষ্ট পহলগামে জঙ্গিহানা ও তার পরবর্তী অপারেশন সিঁদুর থেকে কূটনৈতিক নানান টানাপড়েনে দুই দেশের মুখ দেখাদেখি বন্ধ।

প্রতিবাদ-বিক্ষোভ দেখানোর ঘোষণা করলেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে।
শেষ আপডেট: 13 September 2025 15:57
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে আগামিকাল, রবিবার প্রথম মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। পাক মদতপুষ্ট পহলগামে জঙ্গিহানা ও তার পরবর্তী অপারেশন সিঁদুর থেকে কূটনৈতিক নানান টানাপড়েনে দুই দেশের মুখ দেখাদেখি বন্ধ। এই অবস্থায় ভারত-পাক ক্রিকেট ম্যাচের বিরোধিতা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রবিবার মহারাষ্ট্র জুড়ে খেলা বয়কটের দাবিতে দিনভর প্রতিবাদ-বিক্ষোভ দেখানোর ঘোষণা করলেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে।
শনিবার মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে উদ্ধব ঠাকরে বলেন, ভারত-পাকিস্তানের এশিয়া কাপ ম্যাচ বয়কটের দাবি নিয়ে আমরা বিক্ষোভ দেখাব। যাতে গোটা বিশ্ব জানতে পারে, সন্ত্রাসবাদ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি কী। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। তাহলে আমার প্রশ্ন কী করে রক্ত ও ক্রিকেট একসঙ্গে বয়ে যেতে পারে।
তিনি বলেন, যুদ্ধ আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে না। দেশাত্মবোধ-জাতীয়তাবাদ নিয়েও ওরা ব্যবসা করছে। দেশপ্রেমের এই ব্যবসা শুধু রোজগার ও ফায়দার জন্য হচ্ছে। ওরা কাল ম্যাচ খেলতে যাচ্ছে এই কারণে যে এর থেকে প্রচুর অর্থ রোজগার করা যাবে। তাই কাল উদ্ধবপন্থী শিবসেনার মহিলা কর্মী-সমর্থকরা মহারাষ্ট্রের রাস্তায় বেরিয়ে পড়বেন। প্রধানমন্ত্রী মোদীর কাছে প্রতিটি বাড়িতে থেকে সিঁদুর পাঠাবেন রাজ্যের মা-বোনরা।
বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে দুষে উদ্ধব বলেন, ক্রিকেট খেলে দেশপ্রেমকে একটা হাসি-মশকরায় পরিণত করতে চাইছে ওরা। উদ্ধব তাঁর বাবা শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে এবং পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদের সঙ্গে তাঁদের বাড়ি মাতশ্রীতে একটি বৈঠকের দৃষ্টান্ত টেনে আনেন এই প্রসঙ্গে। উদ্ধব বলেন, আমার বাবা জাভেদ মিঁয়াদাদকে বলেছিলেন, পাকিস্তান যতক্ষণ না ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালানো বন্ধ না করবে, ততদিন কোনও ক্রিকেট ম্যাচ হতে দেব না।