ট্রাম্পের (Donald Trump) এই বার্তার পরও এখনও পর্যন্ত কোনও দেশ প্রকাশ্যে প্রতিশ্রুতি দেয়নি। ভারতও এ বিষয়ে সরাসরি কোনও অবস্থান নেয়নি, বরং কূটনৈতিকভাবে সতর্ক অবস্থান বজায় রেখেছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 17 March 2026 07:56
দ্য ওয়াল ব্যুরো: হরমুজ প্রণালিতে (Strait of Hormuz) বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট (US President Donald Trump)। তবে কয়েকদিন কেটে গেলেও এ বিষয়ে আমেরিকার সঙ্গে ভারতের কোনও দ্বিপাক্ষিক আলোচনা (India US Talks) হয়নি বলে স্পষ্ট জানাল বিদেশ মন্ত্রক (External Affairs Ministry)। আরবদুনিয়ার উত্তেজনার (Middle East Tension) আবহে এই ইস্যু আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
সোমবার সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশ আলোচনা করছে ঠিকই, কিন্তু আমেরিকার সঙ্গে এই বিষয়ে ভারতের সরাসরি কোনও কথা হয়নি। তিনি জানান, বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় দিল্লি অভ্যন্তরীণভাবে পরিস্থিতি পর্যালোচনা করছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে যোগাযোগ বজায় রাখছে।
প্রসঙ্গত, সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে একটি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে 'নিরাপদ ও উন্মুক্ত' রাখতে বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান। তাঁর বক্তব্য ছিল, ইরানের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে বাধা তৈরি হয়েছে এবং এর ফলে বহু দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই কারণেই চিন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন-সহ বিভিন্ন দেশকে ওই অঞ্চলে নৌবাহিনী পাঠানোর অনুরোধ জানান তিনি।
তবে ট্রাম্পের (Donald Trump) এই বার্তার পরও এখনও পর্যন্ত কোনও দেশ প্রকাশ্যে প্রতিশ্রুতি দেয়নি। ভারতও এ বিষয়ে সরাসরি কোনও অবস্থান নেয়নি, বরং কূটনৈতিকভাবে সতর্ক অবস্থান বজায় রেখেছে।
ট্রাম্প তাঁর বার্তায় আরও দাবি করেন, আমেরিকা ইতিমধ্যেই ইরানের (Iran US War) সামরিক শক্তিকে ১০০ শতাংশ ধ্বংস করে দিয়েছে। কিন্তু তবুও ইরান থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন বা মাইন হামলার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না বলেই তিনি সতর্ক করেন। এই সম্ভাব্য হামলা ঠেকাতেই মিত্র দেশগুলিকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প আরও লেখেন, যে দেশগুলি হরমুজ প্রণালির (Strait of Hormuz) ওপর নির্ভরশীল এবং এর বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের উচিত ওই অঞ্চলে নৌবাহিনী মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করা। পাশাপাশি তিনি জানান, প্রয়োজন হলে সমুদ্রপথ থেকে ইরানি জাহাজগুলির ওপর মার্কিন বাহিনী হামলা চালানো অব্যাহত রাখবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। তাই এই পথ নিরাপদ রাখা নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগও বাড়ছে। তবে ভারতের অবস্থান আপাতত সতর্ক- ওয়াশিংটনের সঙ্গে কোনও সরাসরি আলোচনা হয়নি বলে জানিয়ে দিল্লি পরিস্থিতি পর্যবেক্ষণেই গুরুত্ব দিচ্ছে।