‘স্কাই-ডাইনিং’ (Sky Dinning) রেস্তরাঁয় খেতে বসে হঠাৎই বিকল হল ক্রেন। প্রায় ১৫০ ফুট ওপরে ঝুলে রইলেন দুই শিশু-সহ ওই পরিবার (Kerala Sky-Dining Restaurant)।

মৃত্যু ভয় নিয়ে ১৫০ ফুট উপরে ঝুলে রইল গোটা পরিবার
শেষ আপডেট: 28 November 2025 18:42
দ্য ওয়াল ব্যুরো: কেরলের ইদুক্কির (Kerala Idukki) পর্যটনকেন্দ্র আনাচালে রীতিমতো দুঃস্বপ্নের অভিযানে সামিল হলেন চার পর্যটক। ‘স্কাই-ডাইনিং’ (Sky Dinning) রেস্তরাঁয় খেতে বসে হঠাৎই বিকল হল ক্রেন। প্রায় ১৫০ ফুট ওপরে ঝুলে রইলেন দুই শিশু-সহ ওই পরিবার (Kerala Sky-Dining Restaurant)।
এই স্কাই ডাইনিং হল একটি অনন্য ও রোমাঞ্চকর খাবারের অভিজ্ঞতা যেখানে একটি ডাইনিং টেবিল একটি ক্রেন দিয়ে প্রায় ১৬০ ফুট উঁচুতে বাতাসে ঝুলে থাকে। এই অভিজ্ঞতায়, সুন্দর ও শ্বাসরুদ্ধকর দৃশ্যের সঙ্গে এক রোমাঞ্চকর পরিবেশও উপভোগ করতে পারেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর দেড়টা থেকেই আকাশে ঝুলে ছিলেন তাঁরা। কিন্তু রেস্তরাঁ কর্তৃপক্ষ ঘটনার খবর না দেওয়ায় বিপদের কথা জানতে পারেননি প্রশাসনের কেউ। শেষমেশ স্থানীয় বাসিন্দারাই সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে দেন।
এর পরেই মুন্নার ও আদিমালি থেকে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল পৌঁছয় ঘটনাস্থলে। বিকেল ৪টা নাগাদ শুরু হয় উদ্ধার অভিযান। দড়ি বেয়ে ওপরে উঠে উদ্ধারকারীরা প্রথমে নামিয়ে আনেন দুই শিশু ও তাঁদের মাকে। পরে নেমে আসেন বাবা এবং রেস্তরাঁর এক মহিলা কর্মী। চারটে বাজতে না বাজতেই সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়।
উদ্ধার হওয়া মহিলা কর্মী জানান, আতঙ্ক ছড়ায়নি। কারণ এ ধরনের জরুরি পরিস্থিতি সামলানোর প্রশিক্ষণ ছিল তাঁদের। পর্যটক পরিবারটি কোঝিকোডের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
দমকল কর্মীরা অভিযোগ করেছেন, রেস্তরাঁ কর্তৃপক্ষ না পুলিশ, না দমকল, কাউকে কোনও খবর দেয়নি। তাঁদের কাছে ঘটনাটির তথ্য আসে সংবাদমাধ্যম থেকেই। আদিমালি থানা জানিয়েছে, ক্রেনের হাইড্রলিক সিস্টেম বিকল হয়ে যায়, তাতেই যত বিপত্তি।
ইদুক্কির এই ‘স্কাই-ডাইনিং’ অভিজ্ঞতা স্থানীয় পর্যটন উন্নয়নের অন্যতম আকর্ষণ। তবে শুক্রবারের ঘটনার পর নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
সমুদ্রের ধারে খাবারের রোমাঞ্চকে যেন এক ধাপ বাড়িয়ে দিল পুরী। লাইট হাউসের কাছে এবার চালু হল অভিনব ‘স্কাই ডাইনিং’—জমির শতাধিক ফুট ওপরে ঝুলন্ত প্ল্যাটফর্মে বসে খাওয়া-দাওয়ার অভিজ্ঞতা।
দুবাই তো দূর কি বাত, পুরীর সমুদ্রসৈকতের মাঝেও ভেসে ওঠা একটি বিশালাকার ক্রেন, আর ক্রেনের দড়িতে ঝুলে থাকা গোলাকার ডাইনিং প্ল্যাটফর্ম—দূর থেকেই চোখ কাড়ে পর্যটকদের। এই ঝুলন্ত প্ল্যাটফর্মে একসঙ্গে বসতে পারেন ২০ জন অতিথি। চারপাশে শুধু নীল সমুদ্র, আর তার নীচে গর্জন করা ঢেউ— খাওয়ার সঙ্গে মিলবে নিখাদ অ্যাডভেঞ্চার।
মেনুতে রয়েছে ভারতীয়, চাইনিজ, কন্টিনেন্টাল থেকে শুরু করে ‘ধাবা স্টাইল’ বিশেষ খাদ্য। পুরো ডাইনিং সেট-আপটি বাতাসে ঝুলিয়ে রাখার দায়িত্ব নিয়েছে একটি উচ্চক্ষমতার ক্রেন। সুরক্ষা ব্যবস্থা নিয়ে আয়োজকদের দাবি, আন্তর্জাতিক মান অনুসারে তৈরি পুরো কাঠামো। তাই পর্যটকদের নিরাপত্তা নিয়ে কোনও দুশ্চিন্তা নেই। তবে, কেরলের এই ঘটনা আলাদা করে ভয় ধরাচ্ছে পর্যটকদের মধ্যে।