হাতিকে সামনে দেখে প্রাণপণে দৌড়তে শুরু করেন ওই পর্যটক। কিন্তু কিছু দূর গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। হাতিটি এসে তাঁকে পা দিয়ে চেপে ধরে লাথি মারার চেষ্টা করে।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 11 August 2025 12:37
দ্য ওয়াল ব্যুরো: 'রাখে হরি মারে কে!' বুনো হাতির তাণ্ডবের মাঝে ফেঁসে গিয়েছিলেন এক ব্যক্তি। হাতির লাথি খেয়েও প্রাণে বেঁচে গেলেন তিনি। কর্নাটকের বান্দিপুর ব্যাঘ্র সংরক্ষণের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হাতি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। তার চারপাশে গাড়ি। রাস্তায় ভিড় জমে গিয়েছে। সেই সময়েই কেরলের ওই পর্যটককে হেঁটে যেতে দেখা যায়। আচমকাই হাতিটি তাঁর দিকে তেড়ে আসে। হাতিকে সামনে দেখে প্রাণপণে দৌড়তে শুরু করেন ওই পর্যটক। কিন্তু কিছু দূর গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। হাতিটি এসে তাঁকে পা দিয়ে চেপে ধরে লাথি মারার চেষ্টা করে। কিছু সময় পরে বুনো হাতি সরে গেলে স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পর্যটকের অবস্থা আশঙ্কাজনক নয় বলেই জানা গেছে হাসপাতাল সূত্রে।
এই প্রথম নয়, বান্দিপুর অঞ্চলে হাতির সঙ্গে মানুষের সংঘর্ষের ঘটনা নতুন কিছু নয়। এটি একটি প্রধান বন্যপ্রাণী করিডর এবং জনপ্রিয় পর্যটনকেন্দ্র। এর আগে বহুবার মানুষ-হাতি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার মধ্যে কিছু প্রাণঘাতীও ছিল।
A tourist in Karnataka’s Bandipur Tiger Reserve narrowly escaped death after a wild elephant charged at him. The heart-stopping moment was caught on camera, leaving viewers stunned at the miraculous survival.#BandipurTigerReserve #WildlifeEncounter #ElephantCharge #TravelSafety… pic.twitter.com/6IMJ80G2Yj
— The Daily Guardian (@DailyGuardian1) August 11, 2025
চলতি বছরের ফেব্রুয়ারিতে, চামরাজনগর জেলার ন্যাশনাল পার্ক এলাকায় দুই পর্যটককে তাড়া করেছিল এক হাতি। জানা যায়, ওই দুই পর্যটক দাঁতালের সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন। সৌভাগ্যক্রমে তারা প্রাণে বেঁচে যান এবং নিরাপদে ফিরে আসেন।
এর আগে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে, টাইগার রিজার্ভের কুন্ডকেরে এলাকায় আংশিকভাবে খাওয়া এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। সেটি ছিল বাঘের আক্রমণে হওয়া তৃতীয় মৃত্যু।