তাজমহলের সৌন্দর্যে মুগ্ধ হতে এসেছিলেন পোল্যান্ডের এক পর্যটক। কিন্তু যা দেখলেন, তাতে মনটাই বিগড়ে গেল।

ফাইল চিত্র
শেষ আপডেট: 5 July 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: তাজমহলের সৌন্দর্যে মুগ্ধ হতে এসেছিলেন পোল্যান্ডের এক পর্যটক। কিন্তু যা দেখলেন, তাতে মনটাই বিগড়ে গেল। বিশ্বখ্যাত এই স্মৃতিসৌধের ঠিক পিছনে, দশেরা ঘাটের কাছে বিস্তর নোংরা, স্যাঁতসেঁতে পরিবেশ আর যমুনায় গিয়ে মিশছে গৃহস্থালির আবর্জনা ও নর্দমার জল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৩২ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যাচ্ছে, মুখ ঢেকে রেখেছেন সেই বিদেশি মহিলা, শরীরী ভাষা স্পষ্ট করে দিচ্ছে—তিনি ঘৃণায় তটস্থ। ভিডিওতে কটাক্ষের সুরে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “This is real India”।
তাঁর পাশে থাকা এক সঙ্গী যখন প্রশ্ন করেন, “Where is the Taj Mahal?”, তিনি তৎক্ষণাৎ নাক চেপে গন্ধ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে, যমুনার জল নয়, তাতে মিশছে নোংরা কালো তরল—প্লাস্টিক, আবর্জনা এমনকি মৃত পশুও ভাসছে সেই জলে। এই দৃশ্যেই চমকে উঠছেন বহু নেটিজেন।
ভিডিওর শেষে ক্যামেরা ঘুরে ধরেছে তাজমহলের এক ক্লোজ-আপ শট—সুন্দর এক সূর্যাস্ত। কিন্তু তাতে নান্দনিকতা নেই, কারণ দৃশ্যের সামনেই রয়েছে কচুরিপানা আর প্লাস্টিকের স্তূপ। ক্যাপশনেই লেখা, “দারুণ এক সূর্যাস্ত... কিন্তু সেটা দেখা যাচ্ছে আবর্জনার উপর দিয়ে।”
आगरा ब्रेकिंग
ताजमहल की सुंदरता पर गंदगी का धब्बा – विदेशी पर्यटक की वीडियो ने फिर खोल दी पोल
विदेशी पर्यटक ने ताजमहल के पीछे की सच्चाई उजागर की, गंदगी बना ताज की छवि पर धब्बा
यमुना में बहती नालियों की गंदगी ने ताजमहल की शान पर लगा दिया बदनामी का दाग
गौरवशाली ताजमहल की छवि… pic.twitter.com/mfb3oA3QSi— Prime news bureau (@journalistmanve) July 4, 2025
এই প্রথম নয়। ২০২২ সালেও এই একই দশেরা ঘাটের ছবি পোস্ট করেছিলেন মণিপুরের জলবায়ু আন্দোলনকর্মী লিসিপ্রিয়া কংজুম। হাতে একটি পোস্টার, তাতে লেখা—“Behind the beauty of Taj Mahal is plastic pollution.” সেই সময় দেশজুড়ে চর্চা শুরু হয়েছিল, প্রশাসনও তৎপর হয়ে ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার করেছিল এলাকা।