সোমবার বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি এন ভি অঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৭ অক্টোবর।

উমর খালিদ
শেষ আপডেট: 22 September 2025 19:05
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি দাঙ্গা মামলায় (Delhi Riot Case) গ্রেফতার হওয়া উমর খালিদ (Umar Khalid), শারজিল ইমাম-সহ আট জনের জামিন আবেদনের বিষয়ে দিল্লি পুলিশকে (Delhi Police) নোটিস জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি এন ভি অঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৭ অক্টোবর।
শুনানির শুরুতেই বিচারপতি কুমার জানান, গত ১৯ সেপ্টেম্বর এই মামলার শুনানি নেওয়া সম্ভব হয়নি। কারণ, সহ-বিচারপতি মানমোহন ব্যক্তিগত কারণে বেঞ্চ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। তিনি একসময় কপিল সিব্বল চেম্বারে সহকারী হিসেবে কাজ করেছিলেন।
আবেদনকারীদের হয়ে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি আদালতে জানান, ‘‘ওঁরা সকলেই ছাত্রছাত্রী ছিলেন। গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিনা জামিনে জেলে রয়েছেন।’’ সিংভি অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করলে, শীর্ষ আদালত জানায়, মূল মামলাটিই চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে।
এর আগে গত ২ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট নয় জনের জামিন আবেদন খারিজ করে দিয়েছিল। তাঁদের বিরুদ্ধে অভিযোগ— নাগরিকদের প্রতিবাদের আড়ালে ষড়যন্ত্র করে হিংসা ছড়ানো হয়েছিল। জামিন খারিজ হওয়া অভিযুক্তদের মধ্যে রয়েছেন উমর খালিদ, শারজিল ইমাম, গুলফিশা ফাতিমা, মীরান হায়দার, মহম্মদ সেলিম খান, শিফা-উর-রহমান, আতহার খান, আবদুল খালিদ সাইফি ও শাদাব আহমেদ। অন্যদিকে, তসলিম আহমেদের জামিন আবেদনও আলাদা বেঞ্চ খারিজ করে দেয়।
হাইকোর্টের পর্যবেক্ষণ, ভারতীয় সংবিধান নাগরিকদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ, আন্দোলন ও জনসভায় বক্তব্য রাখার অধিকার দিয়েছে। তবে সেই অধিকার একেবারেই সীমাহীন নয়। আইনের আওতায় থেকেই তা পালন করতে হবে। অন্যথায় দেশের আইনশৃঙ্খলা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা থাকে।
উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে নাগরিকত্ব আইন (CAA) ও এনআরসি বিরোধী আন্দোলনের সময় দিল্লিতে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে। ওই হিংসায় প্রাণ হারান অন্তত ৫৩ জন, আহত হন ৭০০-র বেশি মানুষ। তদন্তে অভিযোগ ওঠে উমর খালিদ, শারজিল ইমাম-সহ একাধিক ছাত্রনেতাই নাকি এই দাঙ্গার মূল ষড়যন্ত্রী। ইউএপিএ-সহ একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়। যদিও অভিযুক্তরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।